FIFA World Cup 2026

মাদক সম্রাটের মৃত্যুতে বন্ধ লিগ, ট্রাম্পের ‘মাথা’ নিয়ে চলছে ফুটবল! উত্তাল মেক্সিকো থেকে সরছে বিশ্বকাপ?

মেক্সিকোর পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তাতে ফুটবল বিশ্বকাপের আগে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে। এল মেঞ্চোর সমর্থকরা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৫:৪২

options
link
মাদক সম্রাটের মৃত্যুতে বন্ধ লিগ, ট্রাম্পের ‘মাথা’ নিয়ে চলছে ফুটবল! উত্তাল মেক্সিকো থেকে সরছে বিশ্বকাপ?
মাদক সম্রাটের মৃত্যুতে মেক্সিকোয় বন্ধ ফুটবল লিগ। বিশ্বকাপের আগে নিরাপত্তা নিয়েও প্রশ্ন।

সেনা অভিযানে মৃত্যু মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেসের। যাঁকে এল মেঞ্চো নামে চেনে গোটা বিশ্ব। রবিবার মেক্সিকোর জালিস্কো প্রদেশে সেনার গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় উত্তাল মেক্সিকোয় বন্ধ ফুটবলও। সমস্যা সেখানেই মিটছে না। আদৌ বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচ মেক্সিকোয় হবে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

Advertisement

গুয়াদালাজারা শহরের তাপালপা অঞ্চলে মেঞ্চোকে ধরতে বিশেষ অভিযান চালায় সেনা। সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হন মেঞ্চো। মেক্সিকোর প্রতিরক্ষা দফতর এল মেঞ্চোর মৃত্যুকে বিরাট সাফল্য বলে আখ্যা দিলেও, এই ঘটনায় ভয়ংকর হিংসা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম বড় কার্টেল ছিল মেঞ্চোর দল। আমেরিকার তরফে এই মাদক সম্রাটের মাথার দাম রাখা হয়েছিল ১৫ মিলিয়ন ডলার। মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে মেক্সিকো সেনা এই অভিযান চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দূতাবাস। এল মেঞ্চোর মৃত্যুতে উচ্ছ্বসিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Advertisement

এদিকে এল মেঞ্চোর মৃত্যুতে মেক্সিকোয় বন্ধ হয়ে গিয়েছে ফুটবল ম্যাচও। সেদেশের সেরা লিগ কোয়েরেতারো ও জুয়ারেজের ম্যাচ ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এছাড়া মহিলাদের টুর্নামেন্টের চিভাস বনাম আমেরিকার ম্যাচও বাতিল হয়েছে। দ্বিতীয় ডিভিশনের দু’টি ম্যাচও আপাতত বন্ধ। এর মধ্যে ২৫ ফেব্রুয়ারি আইসল্যান্ডের বিরুদ্ধে মেক্সিকোর একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়েও এখন সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটিপি টুর্নামেন্ট মেক্সিকো ওপেন বন্ধ করা হচ্ছে না।

Advertisement

চলতি বছরের জুলাই-আগস্টে ফুটবল বিশ্বকাপ। আমেরিকা-মেক্সিকো-কানাডায় বিশ্বকাপের ম্যাচগুলো হবে। কিন্তু মেক্সিকোর পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তাতে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে। এল মেঞ্চোর সমর্থকরা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি। বিশ্বকাপ এখনও অনেকটা দেরি। তবে ফিফা সব সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে দেখে। তাছাড়া আমেরিকার মদত আছে এল মেঞ্চোর মৃত্যুতে। ট্রাম্পের ‘মাথা’ বানিয়ে মেক্সিকোর রাস্তায় এখন ফুটবল খেলাও হচ্ছে। ফলে মেক্সিকো থেকে ম্যাচ সরিয়ে দিতে খোদ ট্রাম্প তৎপর হতে পারেন বলে অনেকের ধারণা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.