আঙুল ভাঙা। প্রতিদিন অসহ্য যন্ত্রণা! তবু থামেননি। অস্ত্রোপচার পিছিয়ে রেখে গোটা বিশ্বকাপ খেলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, যন্ত্রণা সঙ্গী হলেও দেশের জন্য খেলতে কোনও দ্বিধা নেই।
আরও পড়ুন:
মার্টিনেজ বলেন, “আমার হাতে এখনও প্রতিদিন ব্যথা হয়। জানি, এই যন্ত্রণা সহজে হার মানবে না। আমেরিকা ও ইংল্যান্ডে যাঁদের দেখিয়েছি, প্রায় সকল বিশেষজ্ঞই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। গ্রুপ পর্বে ঠিকমতো অনুশীলনও করতে পারিনি। তবে নকআউট পর্ব শুরু হওয়ার পর আর এসব নিয়ে ভাবিনি। এখন অনেক ভালো আছি।”
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে একের পর এক সেভ, ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টানাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিবু। এবারও তিনি দলের অন্যতম ভরসা। কয়েক বছর আগে সতীর্থদের সঙ্গে কথোপকথনে দু’টি বিশ্বকাপ জিতে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ উঠতেই দিবু বলেন, “হ্যাঁ, অনুশীলনের সময় নিকোকে এমন কথা বলেছিলাম। তবে তার আগে তো আমাদের জিততে হবে। এখন শুধু সেটাই ভাবছি। এই দল বছরের পর বছর ধরে উন্নতি করেছে। আমরা যা অর্জন করেছি, তা ভাবলে কখনও কখনও একাই কেঁদে ফেলি। সামনে আরও আনন্দের মুহূর্ত অপেক্ষা করছে।”

এবারের বিশ্বকাপ যে আগেরবারের থেকেও বেশি উপভোগ করছেন, তাও স্পষ্ট করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। তাঁর কথায়, “আগেরবারের চেয়েও এবারের বিশ্বকাপ বেশি উপভোগ করছি। সৌদি আরবের বিরুদ্ধে হারের পর খুব কষ্ট পেয়েছিলাম। খুব বেশি শট হয়নি, তবু ওরা গোল করেছিল। পরে পেনাল্টি শুটআউটে দলকে সাহায্য করতে পেরেছিলাম। এখন আমার পায়ের নড়াচড়া আরও ভালো হয়েছে। রবিবার মাঠে নামব। আমাকে হাসিমুখেই দেখবেন।”
সমালোচনা বা গোলহজমও তাঁকে বিচলিত করে না বলেও জানিয়েছেন তিনি। মার্টিনেজের কথায়, “প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এক-দু’টি গোল করতেই পারে। কিন্তু পরের ম্যাচে আমি আবার সেই আগের দিবু। আমি চাপ নিই না। গ্লাভস পরে মাঠে নামলেই আত্মবিশ্বাস ফিরে পাই।” ফাইনালের প্রতিপক্ষ স্পেনকে যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক। তাঁর মন্তব্য, “স্পেন দুর্দান্ত দল। প্রিমিয়ার লিগে খেলা ওদের অনেক ফুটবলারকে আমি খুব ভালো করে চিনি। ওদের কোচও অসাধারণ। শুধু লামিন ইয়ামাল নয়, গোটা দলটাই শক্তিশালী। ওরা যোগ্য হিসাবেই ফাইনালে উঠেছে। তবে আমাদেরও নিজেদের শক্তি রয়েছে। আশা করছি এমন একটি ম্যাচ হবে, যা ফুটবলপ্রেমীরা বহুদিন মনে রাখবেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এখনও অনশনে সোনম, ‘স্বাধীনতার লড়াই’য়ে হাসপাতাল থেকে কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
মেসি রাখি না ইয়ামাল রাখি? ফাইনালের ধর্মসংকটেও ‘বিন্দাস’ মেজাজে বার্সেলোনা সমর্থকরা
-
‘কুত্তাকে পোছে, আমাকে না’, শাহের বৈঠকে ডাক না পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ
-
‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চে চোখে কালো চশমা, মঞ্চে উঠেই কেন ক্ষমা চাইলেন ‘রাম’ রণবীর?
-
হুঙ্কারই সার! ‘স্যাটাভাঙা’ মন্তব্যে থানায় থানায় মাথা নিচু করে হাজিরা দিচ্ছেন হুমায়ুন