Brazil National Football Team

ভারতে ভিনিদের ম্যাচ ‘বয়কটে’র ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?

৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৬:৩৭

options
link
ভারতে ভিনিদের ম্যাচ ‘বয়কটে’র ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?
বাইচুং ভুটিয়া ও ব্রাজিল ফুটবল দল। ফাইল ছবি

৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের (Brazil National Football Team) বিরুদ্ধে নামবে ভারত। ফেডারেশনের তরফে জোরকদমে তার প্রস্তুতি চলছে। কিন্তু শোনা যাচ্ছে, এই ম্যাচের জন্য পিছিয়ে যাচ্ছে আইএসএল। এমনকী ফিফা এশিয়ান কাপ থেকেও নাম তুলে নিয়েছে ভারত। ইতিমধ্যে, ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া ব্রাজিল ম্যাচ ‘বয়কটে’র ডাক দিয়েছে। অবশেষে এই সব বিতর্ক নিয়ে মুখ খুলল ব্রাজিলের ফুটবল কর্তা।

Advertisement

জানা গিয়েছে, কলকাতায় ব্রাজিল ম্যাচ আয়োজন করতে ৬০-৭০ কোটি টাকা খরচ পড়তে পারে। ব্রাজিলের পর্যবেক্ষকরা যুবভারতী পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করে গিয়েছে। এদিকে আইএসএল কবে শুরু হবে, এই নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই। ব্রাজিল ম্যাচ আয়োজনের জন্য নাকি আইএসএল শুরু পিছিয়ে দেওয়া হয়েছে। জামশেদপুরের মতো ক্লাব উঠে গিয়েছে। একই সময় হচ্ছে বলে, ফিফা এশিয়ান কাপ থেকে ভারত নাম তুলে নিয়েছে। বাইচুং বলেছেন, “ব্রাজিল ম্যাচ বয়কট করা উচিত। তাতে একটা বার্তা যাবে। পরে এই ধরনের ম্যাচ আয়োজন করতে ফেডারেশন দু’বার ভাববে।”

Advertisement

এবার জবাব দিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতে কী হচ্ছে, তা নিয়ে পাঁচবারের বিশ্বজয়ীরা চিন্তিত নয়। ‘বয়কট’ বার্তা নিয়ে তারা ভাবছেও না। ফলে সূচি বদলের সম্ভাবনা নেই। ওই সূত্রের খবর, এশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার সম্বন্ধে কিছুই জানে না ব্রাজিল কর্তৃপক্ষ। আর এই ‘বয়কট’ বার্তা ‘স্থানীয় রাজনীতি’র দ্বারা প্রভাবিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ব্রাজিল দলের পক্ষ থেকে রড্রিগো কেতানো বিবৃতিতে জানিয়েছেন, “বিশ্বকাপের সময় ভারত আমাদের সমর্থন করেছে। আমরা কৃতজ্ঞ। তাই ওই ম্যাচ আয়োজন শুধু কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম নয়, আমরা ভালো পারফর্মও করতে চাই।”

Advertisement

এর আগে বাইচুং বলেছিলেন, “যদি আপনার কাছে ৩০ কোটি টাকা থাকে, তাহলে সেটা আগামী চার বছরের জন্য ইনভেস্ট করুন। তাতে কমনওয়েলথ বা অলিম্পিকে পদক আসবে। একটা ম্যাচের ৯০ মিনিটের জন্য তা নষ্ট করবেন না। জানি, এই ম্যাচ নিয়ে সবাই আগ্রহী। একবার ম্যাচ হলেই টাকা গেল। কিন্তু ফুটবল ২০ বছর পিছিয়ে যাবে।” অন্যদিকে ভারতের প্রাক্তন কোচ ইগর স্টিমাচও তোপ দেগেছেন, “দেশের লিগের সঙ্গে জাতীয় দলের কোনও সামঞ্জস্য নেই। সেটা আগে হোক। নাহলে ব্রাজিল-আর্জেন্টিনার বিরুদ্ধে ভারতের ম্যাচ জাতীয় লজ্জা হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.