Calcutta League Derby

পিছিয়ে যাচ্ছে ঘরোয়া লিগের ডার্বি, ডুরান্ড ফাইনালে বিষ্ণুর চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল

গ্রুপ পর্বের ডার্বি হেরে গেলেও আপাতত দারুণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। আর একটি ম্যাচ জিতলেই মরশুমের প্রথম ট্রফি ঢুকবে ক্লাবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৩:০১

options
link
পিছিয়ে যাচ্ছে ঘরোয়া লিগের ডার্বি, ডুরান্ড ফাইনালে বিষ্ণুর চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
ফাইল ছবি।

পিছিয়ে যাচ্ছে কলকাতা লিগের ডার্বি। ঠিক ছিল ২৯ আগস্ট ঘরোয়া লিগের ডার্বি হতে পারে। কিন্তু ডুরান্ড কাপের ফাইনালে আবার ডার্বি হওয়ায় আইএফএ-র তরফে ২৯ তারিখের ডার্বি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, যেহেতু ২৩ আগস্ট ডুরান্ড ফাইনালে ডার্বি দেখবেন বাংলার ক্রীড়াপ্রেমীরা। সেইজন্য ছয় দিনের মাথায় আরেকটি ডার্বি আয়োজন করা উচিত নয়। তাই ঘরোয়া লিগের ডার্বি পিছিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা লিগের ডার্বি হবে বারাসাত স্টেডিয়ামে। আইএফএ’র ভাবনায় ঘরোয়া লিগের ডার্বি আরও সাতদিন পর আয়োজন করা হতে পারে। যদিও এখনও পরবর্তী দিন চূড়ান্ত নয়। রবিবার ডুরান্ড ডার্বিতে নামার আগের দিন ঘরোয়া লিগে কালীঘাট এমএসের বিরুদ্ধে ম্যাচে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের। এদিন আইএফএ-র তরফ থেকে সুচি বদল করে এই ম্যাচটি সোমবার করে দেওয়ার ফলে শনিবার তাদের ঘরোয়া লিগের ম্যাচে নামতে হচ্ছে না।

Advertisement

এদিকে চোটের জন্য রবিবার ডার্বিতে পাওয়া যাবে না পিভি বিষ্ণুকে। জানা যাচ্ছে, সপ্তাহ দুয়েকের বেশি তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আগের ম্যাচেও তিনি ছিলেন না একই কারণে। তবে আশার খবর, হালকা চোট পাওয়া জেসিন সুস্থ হচ্ছেন ক্রমশ। তাঁকে পাওয়া যাবে ডার্বিতে। এদিন অনুশীলনও করেছেন জেসিন। চেষ্টা করা হচ্ছে ডার্বির আগে নতুন বিদেশি ইফিংয়কে উড়িয়ে আনার। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত তিনি ভিসা জোগাড় করতে পারেননি বলেই খবর।

Advertisement

গ্রুপ পর্বের ডার্বি হেরে গেলেও আপাতত দারুণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। আর একটি ম্যাচ জিতলেই মরশুমের প্রথম ট্রফি ঢুকবে ক্লাবে। এদিকে ইনভেস্টর হিসাবে সরে গেলেও স্পনসর হিসাবে থাকছে ইমামি গ্রুপ। ডার্বিতে আনোয়ারদের জার্সিতে থাকতে পারে ইমামির লোগেও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.