East Bengal vs United SC

‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ

অন্যদিকে নৈহাটিতে ভবানীপুরের বিরুদ্ধে ২-০ গোলে জিতল মহামেডান।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৪৯

options
link
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ
ইস্টবেঙ্গল দল। ছবি: সোশাল মিডিয়া

ডার্বির সাফল্যের সৌরভ ফিকে হয়ে গেল সুপার সিক্সের ম্যাচে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ইউনাইটেড এসসি’র বিরুদ্ধে গোলশূন্য ভাবে ড্র হল ইস্টবেঙ্গলের ম্যাচ (East Bengal vs United SC)। ফলে কলকাতা লিগে বড়সড় ধাক্কা লাল-হলুদ বাহিনীর জন্য। গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হবে না। অন্যদিকে মোহনবাগান আগের ম্যাচেই ৫-১ গোলে জিতেছে। এদিন ভবানীপুরের বিরুদ্ধে ২-০ গোলে জিতল মহামেডান। ফলে ঘরের মাঠে ম্যাচ ড্র করে সব দিকে থেকেই চাপে পড়ল অর্চিষ্মান বিশ্বাসের ছেলেরা।

Advertisement

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানের ‘সিনিয়র’ দলের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গলের বাঙালি ব্রিগেড। সুপার সিক্সের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল লালকমল ভৌমিকের দল ইউনাইটেড এসসি। লড়াই সহজ হবে না, জানা কথাই ছিল। তার উপর চাকু মান্ডি, মনোতোষ মাজি, বিক্রম প্রধানরা দলে ছিলেন না। ডিফেন্সে অঙ্কন ভট্টাচার্য, মনোতোষ চাকলাদাররা কোনও ভুল করেননি। গোলকিপার গৌরব সাউও অপ্রতিরোধ্য ছিলেন। কিন্তু মাঝমাঠে-আক্রমণে চাকু, বিজয় মুর্মুদের অভাব ভালো করেই টের পাওয়া গেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডার্বিতে গোল করে নায়ক হয়েছিলেন বিলাল। তার পুরস্কার হিসেবে এদিন শুরু থেকেই দলে ছিলেন। কিন্তু শুধু গতিতে বিপক্ষকে পরাস্ত করা যায় না। সুযোগ কাজে লাগাতে হয়। অনন্থু, আকাশ হেমরামরা নিষ্প্রভ। বৃষ্টিতে মাঠ এমনিতেই ভারী হয়ে ছিল। তার উপর ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত অসামান্য সেভ করেন। ৪০ মিনিটে বিলালের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান সৌরভ। প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধেও ফিনিশিংয়ের অভাবে ভুগল ইস্টবেঙ্গল। শেষের দিকে কিছু ছন্নছাড়া ক্রস ভেসে আসে ইউনাইটেডের বক্সে। সেগুলো আটকাতে খুব একটা সমস্যায় পড়েননি সৌরভ। ম্যাচের পর লাল-হলুদ কোচ স্বীকার করে নেন, “ডার্বির পর দলের মধ্যে আত্মতুষ্টি ঢুকে গিয়েছিল। তবে এখনও দু’টো ম্যাচ আছে। আমরা হাল ছাড়ছি না।”

Advertisement

অন্যদিকে নৈহাটিতে ভবানীপুরের বিরুদ্ধে ২-০ গোলে জিতল মহামেডান। গোল করেছেন ফারদিন আলি মোল্লা ও ইসরাফিল দেওয়ান। সুপার সিক্সে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে মহামেডান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.