অপহরণকারীদের নিশানায় ছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তবে ফরাসি পুলিশের তৎপরতায় ভেস্তে যায় দুষ্কৃতীদের পরিকল্পনা। শুধু রিয়াল মাদ্রিদের তারকা নন, ফুটবলার, র্যাপার এবং ব্যবসায়ী মিলিয়ে মোট ২৬ জনকে অপহরণের ছক কষেছিল এক দুষ্কৃতী চক্র। ব্যাপারটা কী?
আরও পড়ুন:
স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় ১৮ বছরের ক্লেমঁ এল নামে এক যুবককে মূল ষড়যন্ত্রকারী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করত সে। সশস্ত্র ডাকাতি এবং দালালির অভিযোগে বর্তমানে জেলে রয়েছে ক্লেমঁ। তদন্তকারীদের দাবি, কারাগারে থেকেও সোশাল মিডিয়া, বিশেষ করে স্ন্যাপচ্যাটের মাধ্যমে চক্রটির কাজকর্ম পরিচালনা করত সে। সহযোগীদের নির্দেশও দিত।
গত এপ্রিল মাসে একটি ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে ক্লেমঁর অপরাধমূলক কর্মকাণ্ডের সূত্র পায় পুলিশ। তার দু’টি মোবাইল ফোন পরীক্ষা করে তদন্তকারীরা ২৬ জনের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য সংবলিত একটি তালিকা উদ্ধার করেন। পুলিশ মনে করছে, তালিকায় থাকা ব্যক্তিদের অপহরণের পরিকল্পনা করেছিল চক্রটি। সেই তালিকাতেই ছিল এমবাপের নাম। ফ্রান্সের অধিনায়কের সম্পর্কে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছিল দুষ্কৃতীরা। তালিকায় ছিলেন তুরস্ক ও চিনা ব্যবসায়ী-সহ একাধিক ধনী ব্যক্তি, র্যাপার এবং গয়না ব্যবসায়ীও।
জিজ্ঞাসাবাদে অবশ্য নিজের ভূমিকা ছোট করে দেখানোর চেষ্টা করেছে ক্লেমঁ। তার দাবি, সে চক্রটির মূল মাথা নয়। বরং কোনও এক রহস্যময় ‘বস’ এবং সরাসরি অপরাধে যুক্ত সহযোগীদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করত সে। যদিও তদন্তকারীদের মতে, জেল থেকেই ‘লেস্টার জেড’ নামে চক্রটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এমবাপে-সহ ২৬ জনকে নিয়ে ঠিক কী পরিকল্পনা করা হয়েছিল, সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে ফরাসি পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং সোশাল মিডিয়ায় তথ্য খতিয়ে দেখে চক্রটির সঙ্গে আরও কারা যুক্ত ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আজও তিনি আমার কাছে জীবন্ত, তাহলে কেন স্মৃতিচারণা?’ জন্ম শতবর্ষে উত্তম স্মরণে সাবিত্রী
-
অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
সিন্ধুচুক্তি নিয়ে নয়া কাঁদুনি! আন্তর্জাতিক আদালতের রায় দিল্লি খারিজ করতেই আলোচনায় বসতে চায় পাকিস্তান
-
তিনিই সর্বকালের শ্রেষ্ঠ! ‘জমা খরচের হিসাব’ দেখিয়ে গোট বিতর্কে ইতি টানলেন ‘অন্তর্মুখী’ মেসি
-
হোয়াটস অ্যাপ ডিপি ব্যবহার করে সাইবার প্রতারণার নয়া ফাঁদ, নিমেষে গায়েব লাখ লাখ টাকা