FIFA World Cup 2026

ফিরছে ‘ওয়াকা ওয়াকা’ ম্যাজিক! বিশ্বকাপ মাতাতে নতুন গান নিয়ে হাজির শাকিরা, টিজারেই বাজিমাত

ফুটবল বিশ্বকাপের ৩৩ দিন আগে নতুন গানের ঝলক নিয়ে হাজির কলম্বিয়ার পপ গায়িকা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে শাকিরা নিয়ে এসেছিলেন 'ওয়াকা ওয়াকা' গানটি। সেই গান আজও ফুটবল সমর্থকদের মুখে মুখে ফেরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৭:৫৭

options
link
ফিরছে ‘ওয়াকা ওয়াকা’ ম্যাজিক! বিশ্বকাপ মাতাতে নতুন গান নিয়ে হাজির শাকিরা, টিজারেই বাজিমাত
শাকিরা। ফাইল ছবি

ফের বিশ্বকাপ মাতাতে তৈরি শাকিরা। ফুটবল বিশ্বকাপের ৩৩ দিন আগে নতুন গানের ঝলক নিয়ে হাজির কলম্বিয়ার পপ গায়িকা। ‘ওয়াকা ওয়াকা’র জাদু এখনও বিশ্বের ফুটবলপ্রেমীদের কানে বাজে। সেই মাদকতা ছড়াতে নতুন গান নিয়ে হাজির শাকিরা। যার নাম ‘ডাই ডাই’। ইটালিয়ান ভাষায় এই শব্দের অর্থ ‘চলো এগিয়ে যাই।’

Advertisement

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে শাকিরা নিয়ে এসেছিলেন ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) গানটি। সেই গান আজও ফুটবল সমর্থকদের মুখে মুখে ফেরে। ২০০৬ সালের ‘হিপস ডোন্ট লাই’ গানটিও প্রবল জনপ্রিয়। ২০১৪ বিশ্বকাপের সময় সুন্দরী গায়িকা গেয়েছিলেন ‘লা লা লা’ গানটি। তারপর দু’টি বিশ্বকাপে আর কোনও নতুন গান আনেননি। এবার ফের ‘ডাই ডাই’ গান নিয়ে হাজির। আপাতত সোশাল মিডিয়ায় গানের ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছে। পুরো গানটি মুক্তি পাবে ১৪ মে।

Advertisement

শাকিরার গান মানে সেখানে থাকে বিশ্বকাপের আয়োজক দেশের শিকড়ের টান। পোশাক, নাচের তরঙ্গে, সুরের মাদকতায় মনে হয় যেন সেই দেশের মাটির স্বাদ থাকে। এবার গানের ঝলকেই স্পষ্ট সেই উন্মাদনা ফিরে আসছে। গানটি শুট করা হয়েছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। যেখানে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এবং শাকিরা সেখানে গান গেয়েছিলেন। অর্থাৎ যেখানে ‘শেষ’ হয়েছিল, সেখান থেকেই ফের বিশ্বকাপ মাতাতে তৈরি শাকিরা।

Advertisement

তাঁর সঙ্গে এই গানটিতে থাকছেন নাইজেরিয়ার গায়ক বার্না বয়। গানের ভিডিওয় যে তিনটি বিশ্বকাপে শাকিরা গান গেয়েছেন, সেগুলোর তিনটি বল রয়েছে। পাশাপাশি সহশিল্পীদের পরনেও আমেরিকা, মেক্সিকো, কানাডার জার্সি। এবার ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই তিনটি দেশে বিশ্বকাপ হচ্ছে। মোট ৪৮টি দেশ মিলিয়ে বিশ্বকাপ, তাতে শাকিরার দেশ কলম্বিয়াও আছে। উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপের সময় থেকেই স্পেনের ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে প্রেমকাহিনি শুরু হয় শাকিরার। তাঁদের দুই সন্তানও আছে। ২০২২ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.