Sunil Chhetri

ব্রাজিল-ভারত মেগা ম্যাচ খেলতে জাতীয় দলে কামব্যাক? কলকাতায় এসে মুখ খুললেন সুনীল

কলকাতায় একটি অনুষ্ঠানে ছাংতে জানালেন মোহনবাগানের হয়ে খেলার অভিজ্ঞতা।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ২০:৫১

options
link
ব্রাজিল-ভারত মেগা ম্যাচ খেলতে জাতীয় দলে কামব্যাক? কলকাতায় এসে মুখ খুললেন সুনীল
শনিবার কলকাতায় সুনীল ছেত্রী। নিজস্ব চিত্র

৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারত। সেই নিয়ে উন্মাদনা তুঙ্গে। এর মধ্যে শোনা যাচ্ছে, সেই ম্যাচে নামতে পারেন সুনীল ছেত্রীও। সত্যিই কি তাই? কলকাতায় ভারতীয় ফুটবলারদের সংগঠনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সেই নিয়ে মুখ খুললেন সুনীল। উল্লেখ্য, এবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে। তিনি জানালেন মোহনবাগান জার্সিতে খেলার অভিজ্ঞতা।

Advertisement

৩ অক্টোবর যুবভারতীতে মেগা ম্যাচ। ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ফেডারেশনের তরফে জোরকদমে তার প্রস্তুতি চলছে। এছাড়া পানামা ও উরুগুয়ের বিরুদ্ধে খেলা হবে। তবে সব নজর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের দিকেই। সুনীল কি সেই ম্যাচে খেলবেন? তাঁর সাফ জবাব, না। কেন? সুনীল মজা করেই বলেন, “আমার এখন ২০ মিনিটের অনুশীলনেই কষ্ট হচ্ছে। আমার বয়স এখন ৪২। দল তৈরি। নতুন প্লেয়াররা ভালো খেলবে। সবার জীবনেই সময় আসে। ২০ বছর আগে আমিও চুটিয়ে খেলেছি। কোনও সমস্যা নেই।”

Advertisement

তবে এই ম্যাচে যাঁরা খেলবেন, তাঁদের জন্য হিংসা হচ্ছে সুনীলের। তিনি বলেন, “২৬ বছর ধরে ফুটবল খেলছি। ২০ বছর জাতীয় দলে ছিলাম। আমার সামনে কখনও এরকম সুযোগ আসেনি। তাই ব্রাজিল ম্যাচে যাঁরা খেলবে, তাঁদের জন্য আমার হিংসা হচ্ছে। আশা করি, প্লেয়াররা নিজেদের উজাড় করে দেবে।” কিন্তু এই ম্যাচ খেলার জন্য আশিয়ান কাপে যাওয়া বাদ দিয়েছে ভারত। সেটা নিয়ে সুনীল বলেন, “প্লেয়ারদের জিজ্ঞেস করে লাভ নেই। কোচকে উত্তর দিতে হবে। আমি তো দর্শক। আমি ম্যাচটা উপভোগ করব।”

Advertisement

অন্যদিকে এই মরশুমে মোহনবাগানে যোগ দেওয়া ছাংতে বলেন, “মোহনবাগানে যোগ দেওয়া আমার জন্য গর্বের। ভারতের সবচেয়ে বড় ও সফল ক্লাব। এশিয়ার অন্যতম বড় ক্লাব মোহনবাগান। আমি খুব খুশি। হয়তো ডুরান্ডে প্রত্যাশিত ফল হয়নি। কিন্তু আমরা ফিরে আসবই। সামনে আইএসএল ও আইএফএ শিল্ড। আশা করছি সেখানে ভালো খেলব। আমি জানি যে, কলকাতায় খেললে প্রত্যাশার চাপ থাকে। আমি সেই চ্যালেঞ্জটা নিতে চাই। এই দলে ভারতীয় দলের অনেকে আছে। আপুইয়াদের সঙ্গে আমার বোঝাপড়া খুব ভালো।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.