সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেতে আই লিগের প্রথম ম্যাচ, তাও আবার নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে। যে ক্লাবকে গতবছরই প্রথমবারই আই লিগে চ্যাম্পিয়নের তকমা পাইয়ে দিয়েছিলেন কোচ খালিদ জামিল। তাই মঙ্গলবারের ম্যাচ ঘিরে উত্তেজনা যেমন রয়েছে, তেমনই সমস্যাও পিছু ছাড়ছে না লাল-হলুদ কোচের।
সমস্যা ফুটবলারের চোট নিয়ে। ম্যাচের আগের দিন প্র্যাকটিসের শেষদিকে চুল্লোভার সঙ্গে এক সংঘর্ষে চোট পেয়ে বসেন বিদেশি স্টপার এডুয়ার্দো। দীর্ঘক্ষণ ডান হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতে দেখা যায় তাঁকে। বাইপাস সংলগ্ন নার্সিংহোমে স্ক্যান হয় তাঁর। বিকেলের রিপোর্টে এডুকে দুশ্চিন্তা না করতে বলা হলেও তিনি যে মঙ্গলবারই খেলতে পারবেন, সেকথাও জোর দিয়ে বলা হল না। পাশাপাশি আগের দিন প্র্যাকটিসে চোট পেয়েছিলেন ডানমাইয়া। ফলে তৈরি রাখা হচ্ছে রফিককে। এমন পরিস্থিতিতে কোচের রিজার্ভ বেঞ্চের তালিকায় থাকা অধিনায়ক অর্ণব মণ্ডলেরও সুযোগ আসতে পারে খেলার।
[ক্রিকেটের সূচিতে বড়সড় পরিবর্তন, ম্যাচের সংখ্যা কমছে বিরাটদের]
প্ল্যান যা, তাতে সামনে প্লাজাকে রেখে খালিদ দল সাজাবেন ৪-১-৪-১ ছকে। তবে তাঁর চূড়ান্ত পরিকল্পনা বুঝতে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। কিন্তু চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে তিনি যে বেশ চাপে, তা স্বীকার করে নিয়েছেন। আই লিগে ন’টা বছর কাটিয়ে ফেললেও কলকাতার পরিবেশ, সমর্থকের মনোভাব, ফুটবল নিয়ে উন্মাদনা, সংবাদমাধ্যমের চাপ যে অনেকটাই আলাদা, তা তিনি জানেন। আর তাই সাংবাদিক সম্মেলনে বললেন, “ব্যক্তিগতভাবে বলতে পারি এটা আমার জীবনের সবথেকে কঠিন আই লিগ। আমি একটু নার্ভাস। ভালই চাপে আছি।” কঠিন চ্যালেঞ্জ যখন নিয়েই ফেলেছেন, তখন আর কোনও দলকে হালকা নেওয়ার প্রশ্নই উঠছে না। আইজলকে তো নয়ই। মিজো ছেলেদের হাতের তালুর মতোই চেনেন কোচ। কাজেই লড়াইটা যে বেশ কঠিন হবে, তা বুঝতেই পারছেন।
ঘরের মাঠেই প্রথম ম্যাচ। কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে যুবভারতীতে আইএসএল-এর ম্যাচের জন্য ওয়াকওভার দিতে হত ইস্টবেঙ্গলকে। তবে শেষমেশ সেই সমস্যা মিটেছে। তাছাড়া প্রথম ম্যাচে মোহনবাগানের আটকে যাওয়া বাড়তি এনার্জি দিচ্ছে লাল-হলুদ ফুটবলারদের। মঙ্গলবার সন্ধে ৮টা থেকে শুরু খেলা। তারপর যাতে দর্শকদের ফিরতে অসুবিধা না হয়, তার জন্য বিশ্বকাপের মতো পর্যাপ্ত বাসের ব্যবস্থা করতে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ জানিয়েছেন ফুটবল সচিব রজত গুহ।
[আইএসএল ম্যাচে উত্তর ভারতের মহিলাদের হেনস্তার অভিযোগে ধৃত ২]
সর্বশেষ খবর
-
স্বাধীনতার ৮০ বছর পেরিয়েও ‘আলো’ নেই! সিস্টেমের অঙ্গ হয়ে উঠেছে দুর্নীতি
-
নেপালে হড়পা বানের পর নতুন বিপদ! দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা
-
চরম মানসিক অবসাদেই বিপর্যস্ত জীবন! হাসপাতালে উরফি, উদ্বিগ্ন ভক্তরা
-
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, শ্রীলঙ্কা সিরিজ জিতেও মেঘাচ্ছন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
-
নেপালের বিপর্যয়ে পুণ্যার্থীরা নিখোঁজ! কাঁদছেন সদগুরু, হাত-পা কাঁপছে ধর্মগুরুর