অ্যারোজের বিরুদ্ধে বাগানের ভরসা বাইরের মাঠের ফর্ম

জানেন কীভাবে এখনও চাম্পিয়ন হতে পারে মোহনবাগান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৮, ১১:১৮

options
link
অ্যারোজের বিরুদ্ধে বাগানের ভরসা বাইরের মাঠের ফর্ম

স্টাফ রিপোর্টার: তাড়াতাড়ি প্র‌্যাকটিস সেরে হোটেলে ফিরে টিভির পর্দায় চোখ রেখেছিল গোটা মোহনবাগান দল। লক্ষ্য মিনার্ভার হার দেখা। দেখল উলটোটা। ফলে গঙ্গাপারের ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা কঠিন হয়ে গেল। তবু, হার মানতে নারাজ শিল্টন, কিংশুকরা। মঙ্গলবার ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়ে আরও একবার লিগ দৌড়ে নিজেদের অবস্থান জোরাল করতে তাঁরা মরিয়া।

Advertisement

এই লক্ষ্যে মোহনবাগানকে সব থেকে বেশি চাগাচ্ছে চলতি মরশুমে তাদের অ্যাওয়ে ম্যাচের ফর্ম। এখনও পর্যন্ত বাইরের মাঠে অপরাজিত তারা। ছ’টি ম্যাচে তিনটি ড্র। জিতেছে তিনটিতে। হোম ম্যাচে যেখানে তাদের সংগ্রহ ১২, সেখানে তিনটি অ্যাওয়ে ম্যাচ বাকি থাকতে পয়েন্ট সমান। ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান ড্রেসিংরুমে ঘুরছে এই তথ্য। পাহাড়ের মাঠে তাদের রেকর্ড ভাল, সমুদ্র পাড়েও তা বজায় রাখতে চাইছে দল।

Advertisement

আগেরদিন সন্ধ্যায় স্পোর্টস অথরিটি অফ গোয়ার মাঠে প্র‌্যাকটিস করার পর সোমবার সকালে এক ঘণ্টা তিলক ময়দানে প্র্যাকটিস করল বাগান। চোট পাওয়া দুই ফুটবলার ডিকা ও ইয়ুটাও অনুশীলন করলেন। যা খবর, দু’জনেই শুরু করবেন অ্যারোজের বিরুদ্ধে।

Advertisement

[এটিকে’র নয়া দায়িত্বে মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন]

সাংবাদিক সম্মেলনে এসে প্রতিপক্ষকে অবশ্য গুরুত্ব দিলেন বাগান কোচ শংকরলাল চক্রবর্তী। বলছিলেন, “ওদের হারানোর কিছু নেই। বাচ্চা ছেলেগুলো উপভোগ করে নিজেদের সেরাটা দিচ্ছে। প্রশংসা করতে হবে ওদের কোচেরও। শুরুতে ডিফেন্স জমাট করে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেললেও এখন ওরা ওপেন ফুটবল খেলছে। দু’মাসের মধ্যে এটা করা বেশ শক্ত। স্ট্র‌্যাটেজি পরিবর্তনের প্রমাণও ওরা পেয়েছে হাতেনাতে। বেশ কয়েকটি ম্যাচে শেষদিকে গোল করে ম্যাচের রং বদলে দিয়েছে। কাজেই আমাদের কাজটা কঠিন। কারণ আমাদের তো জেতা ছাড়া উপায় নেই।”

প্রসঙ্গত, লিগ পেতে গেলে মোহনবাগানকে সব ম্যাচে জয় পেতে হবে। তাহলে দলের পয়েন্ট হবে ৩৩। আর অন্যদিকে নোরাকে ইস্টবেঙ্গলের কাছে হারতে হবে। সেক্ষেত্রে তারা ৩১ পয়েন্টে থেমে যাবে। মিনার্ভা বাকি দু’টো ম্যাচে হারলে তাদের পয়েন্ট হবে ৩২। ইস্টবেঙ্গলের অন্য ম্যাচটি জেতা চলবে না। ড্র হলে হলুদ-লালের পয়েন্ট হবে ৩৩। তাহলেই ইস্টবেঙ্গলের সঙ্গে হেড-টু-হেডে চ্যাম্পিয়ন মোহনবাগান।

[আসন্ন আইপিএল-এ মহিলা ক্রিকেট দলের জন্য নয়া ভাবনা বিসিসিআইয়ের]

মোহনবাগান কোচ যখন অ্যারোজ কোচ মাতোসের প্রশংসায় পঞ্চমুখ, তখন বেশ ক্ষুব্ধ দেখায় তাঁকে। একান্ত আলাপচারিতায় মোহনবাগানের এক সদস্যকে মাতোস নাকি ক্রীড়াসূচি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। বলেন, “এটা কোনও ভাল লিগে সূচির নমুনা? এই ম্যাচের পর আপনাদের এখনও দু’টো ম্যাচ বাকি থাকবে। সেখানে আমাদের লিগ শেষ হয়ে যাচ্ছে। শুধু আমরাই কেন, নেরোকা, লাজং, আইজল, চেন্নাইয়েরও মাত্র একটা করে ম্যাচ বাকি। একটা দলের সঙ্গে অন্য দলের  সামঞ্জস্যই নেই।” মাতোস মুখে যতই বিরক্তি প্রকাশ করুন, লিগের শেষ ম্যাচে যে তিনি ও তাঁর দল নিজেদের উজাড় করে দেবে এমনটাই মনে করছে মোহনবাগান। তাই চ্যাম্পিয়নশিপে থাকতে অতিরিক্ত সতর্ক তারা।

মঙ্গলবার ইন্ডিয়ান অ্যারোজ এবং মোহনবাগানের মধ্যে আই লিগের খেলা সরাসরি দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটা থেকে স্টার স্পোর্টস-২ চ্যানেলে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.