সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুলতান মুক্তি পেতে বাকি আর দিন দশেক৷ তার আগে ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জর্জরিত সলমন খান৷ তাঁর মন্তব্যে তোলপাড় হচ্ছে সারা দেশ৷ অবিবেচকের মতো মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে রাজনৈতিক দলগুলি৷ বলিউডের ‘ব্যাড বয়’কে পুরোপুরি বয়কট করারও ডাক দেওয়া হয়েছে৷ লখনউ ও কানপুরের আদালতে সমাজকর্মী রাফাত জামাল ও আইনজীবী মনোজকুমার দীক্ষিত মামলা দায়ের করেছেন সলমনের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামলাতে এবার মুখ খুললেন ‘দাবাং’ খান৷
বৃহস্পতিবার মাদ্রিদে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে ফুরফুরে মেজাজের সলমন বলে দিলেন, “বেশি সময় নেব না৷ কারণ আজকাল যত কম কথা বলব ততই ভাল৷ জানি এটা একটা দীর্ঘ সন্ধ্যে৷ তবে আমি বেশিক্ষণ কথা বলব না৷ সেটাই আমার পক্ষে ভাল৷” অর্থাৎ মুখ খুলেও ক্ষমা চাইলেন না তিনি৷ এমনকী তাঁর হাবভাবে স্পষ্ট, ক্ষমা চাওয়ার মতো কোনও অপরাধই তিনি করেননি৷ সুতরাং সমালোচনার ঝড় একেবারেই গায়ে মাখতে নারাজ তিনি৷ তাঁর এধরনের আচরণ যে ফের নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না৷ ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্যের পরও তাঁর এমন ফুরফুরে মেজাজ মেনে নিতে পারছেন না অনেকেই৷ আর সেই কারণে এবার হয়তো রিও ওলিম্পিকে গুডউইল অ্যাম্বাসাডরের পদও খোয়াতে চলেছেন সুলতান সলমন৷
‘শুটিংয়ের কসরতের পর নিজেকে ধর্ষিত মহিলার মতো মনে হত’৷ সুলতানের শুটিংয়ে নিজের পরিশ্রমের কথা এভাবেই বর্ণনা করেছিলেন ‘ভাইজান’৷ কোনও খেলার প্রশিক্ষণপর্বের সঙ্গে ধর্ষণের মতো অমানবিক বিষয়কে জুড়ে দেওয়া আর যাই হোক ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশন মোটেই ভাল চোখে দেখছে না৷ ইন্ডিয়ান ওলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব রাকেশ গুপ্তা বলেন, সলমনের এরকম মন্তব্য অন্যায়৷ প্রশিক্ষণ পর্বকে ব্যাখ্যা করার জন্য অন্য যে কোনও শব্দ চাইলেই ব্যবহার করতে পারতেন তিনি৷ খেলাধুলার জগতে ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছেন ‘মাচো’ হিরো সলমন৷ রিও ওলিম্পিকে এর প্রভাব মোটেও ভাল হবে না৷ সারাদেশের ক্রীড়াজগতের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে এর ফলে৷ সূত্রের খবর, ধর্ষণ নিয়ে করা এরকম মন্তব্যের জন্য সলমনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলবে আইওএ৷ জুলাইয়ের শেষ সপ্তাহে ওলিম্পিকে ভারতের অংশগ্রহণকারীদের যে সংবর্ধনা দেওয়া হবে, সলমন খানের নাম বাদ গিয়েছে সেই তালিকা থেকেও, এমনটাই জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের