ISL

টিভিতে আইএসএল দেখাবে সোনি স্পোর্টস, উদ্বেগ মিটল দেশের ফুটবলভক্তদের

ডুরান্ড কাপ সম্প্রচার করেছিল সোনি স্পোর্টস। তারপর থেকেই ভারতীয় ফুটবলে আসতে চাইছিল এই সংস্থা। ফ্যানকোডের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গেল সোনি স্পোর্টসের।

দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৩:৫৭

options
link
টিভিতে আইএসএল দেখাবে সোনি স্পোর্টস, উদ্বেগ মিটল দেশের ফুটবলভক্তদের
আইএসএল ট্রফি। ফাইল ছবি

ফ্যানকোডের পাশাপাশি এবারের আইএসএল (ISL) দেখা যাবে সোনি স্পোর্টসে। এদিন ফ্যানকোডের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গেল সোনি স্পোর্টসের। বুধবারই সরকারি ঘোষণা হওয়ার কথা। ১৪ ফেব্রুয়ারি থেকেই সব ম্যাচ সোনি স্পোর্টসের পর্দায় দেখা যাবে।

Advertisement

ডুরান্ড কাপ সম্প্রচার করেছিল সোনি স্পোর্টস। তারপর থেকেই ভারতীয় ফুটবলে আসতে চাইছিল এই সংস্থা। শুধুমাত্র এবারের আইএসএলে নয় সোনি চাইছিল দীর্ঘ মেয়াদিভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে। কিন্তু শুধুমাত্র একটা আইএসএল করার ক্ষেত্রে আগ্রহ দেখাতে নারাজ ছিল। সেই জন্যই শুধুমাত্র এবারের আইএসএল স্বত্ব পাওয়ার বিষয়ে সরাসরি দরপত্র তোলেনি তাঁরা। কিন্তু ফ্যানকোড যখনই ৮.৬২ কোটি টাকায় এবারের আইএসএলের টেলিভিশন ও ডিজিট্যাল সম্প্রচারের স্বত্ব পেয়েছিল তখন থেকেই আবার সোনির নাম ভেসে উঠেছিল। তার কারণ, ফ্যানকোডের ডিজিটাল মাধ্যম থাকলেও তারা টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা নয়। অথচ টেলিভিশন স্বত্বও তাদের কাছে ছিল। অন্যদিকে, আইএসএল ক্লাবগুলো চাইছিল আইএসএলের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডিজিটাল মাধ্যমের পাশাপাশি টেলিভিশনেও দেখাক।

Advertisement

প্রথমে ফ্যানকোড ভেবেছিল নিজেদের প্ল্যাটফর্মেই এবারের আইএসএল দেখাবে তারা। কিন্তু ক্লাবগুলো চাপ দিতে শুরু করে টেলিভিশনে ম্যাচ দেখানোর বিষয়টি নিয়ে। তখন থেকেই শোনা যাচ্ছিল, ফ্যানকোডের সঙ্গে গাঁটছড়া বেঁধেই টেলিভিশনে আইএসএল দেখাবে সোনি স্পোর্টস। এর জন্য ফ্যানকোডকে একটি নির্দিষ্ট অর্থ দেবে সোনি। এদিন সেই কথাবার্তা চূড়ান্ত হয়ে গেল। একইসঙ্গে এবারের আইএসএলের প্রোডাকশন করবে কলকাতারই সংস্থা ক্যালাইডোস্কোপ। তাদেরও স্পোর্টস ইভেন্ট যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এদিকে চ্যার্টারে এখনও পর্যন্ত সই করেনি ক্লাবগুলো। অথচ ১৪ ফেব্রুয়ারি থেকে এবারের আইএসএল শুরু হতে চলেছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.