প্রসূন বিশ্বাস: প্রত্যাশামতোই বুধবার কলকাতা লিগের ম্যাচে নামল না মোহনবাগান। এদিন মেসারার্সের বিরুদ্ধে নামার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। তবে আগে থেকেই মোহনবাগান জানিয়ে দিয়েছিল আপাতত ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগে খেলতে চায় না তারা। তবে এদিন মাঠে না নামার দরুণ শাস্তির কবলে পড়তে পারে মোহনবাগান।
ডুরান্ড কাপ শেষ না হলে কলকাতা লিগ খেলা সম্ভব নয়। মেসারার্সের বিরুদ্ধে খেলতে নামার দুদিন আগে আইএফএকে জানিয়ে দেয় মোহনবাগান। ক্লাব সূত্রে জানা গিয়েছে, কলকাতা লিগে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে, সেখানকার ১৬ জন সদস্য ডুরান্ড কাপে রেজিস্টার্ড রয়েছেন। অর্থাৎ একসঙ্গে দুই লিগে খেলছেন একাধিক ফুটবলার। ফলে বিশ্রাম পাচ্ছেন না তাঁরা। মোহনবাগানের বক্তব্য ছিল, খুব বেশি হলে ডুরান্ডে আর মাত্র তিনটি ম্যাচ খেলতে হতে পারে। সেই ম্যাচগুলি শেষ হলেই কলকাতা লিগে নামবে দল।
কিন্তু আইএফএ সবুজ-মেরুনের সেই দাবি মানতে নারাজ। অনির্বাণ দত্ত জানিয়েছেন, সোমবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের আয়োজনের প্রস্তুতি থাকবে। মোহনবাগান যদি সেই ম্যাচ খেলতে না যায়, তাহলে লিগ কমিটির বৈঠক ডাকা হবে। তারপর কমিটি সিদ্ধান্ত নেবে মেসারার্সকে ওয়াক ওভার দেওয়া হবে কিনা। বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা স্পষ্ট করে দিয়েছে, কোনওভাবেই ম্যাচ পিছনো সম্ভব নয়। আইএফএ সচিবের বক্তব্য, “ডুরান্ড এবং লিগের ম্যাচের মাঝখানে ৩ দিন সময় থাকছে। ৩ দিন বিশ্রামে ম্যাচ খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।”
মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের কথায়, “আইএফএ সচিব বলছেন, গত বছরের একই রকমভাবে দুই প্রতিযোগিতা খেলেছে মোহনবাগান। আমি বলি, গত বছরের সঙ্গে সব বছরের কি তুলনা হয়? গত বছরের কলকাতা লিগের চ্যাম্পিয়ন আর রানার্স কারা হবে এখনও জানি না। তা হলে কি এবারও একই অবস্থা হবে কলকাতা লিগের? তাই অতীত দিয়ে বর্তমানকে সবসময় বিচার করা যায় না।” শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মোহনবাগান। বুধবার টিম লিস্ট জমা দিয়ে মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করে মেসারার্স। কিন্তু মাঠে নামেনি মোহনবাগান। তবে সবুজ-মেরুন শিবির ঠিক কী শাস্তি পাবে সেটা এখনই বিস্তারিত জানা যায়নি।
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজই অভিষেক হচ্ছে না বৈভবের, কী কারণ জানালেন নতুন অধিনায়ক শ্রেয়স?
-
কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে মাথায় ডিম ভাঙল জনতা
-
ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ! সাফ জানাল আদালত
-
দেশের এবার ছুটবে হাইড্রোজেন ট্রেন! হরিয়ানায় সফল পরীক্ষা, কবে শুরু যাত্রী পরিষেবা?
-
অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছেন? হাত দুর্বল লাগে, তালু ঘামে? স্নায়ুর সমস্যা নয় তো!