Neymar

বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম অনুশীলনেই এলেন না, নেইমারের চোট নিয়ে ফের আশঙ্কা

৩৪ বছর বয়সি এই তারকার জাতীয় দলে প্রত্যাবর্তনে খুশি হয়েছেন অনেক ফুটবলপ্রেমী। তবে দলে ফিরলেও তাঁর বিশ্বকাপে খেলা এখনও অনিশ্চয়তাই রয়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৭:০১

options
link
বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম অনুশীলনেই এলেন না, নেইমারের চোট নিয়ে ফের আশঙ্কা
প্রায় একমাস আগে শেষবার ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। ফাইল ছবি।

শিয়রে ফুটবল বিশ্বকাপ। তার আগে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, আলোচনার চলছে নেইমারকে নিয়ে। ৩৪ বছর বয়সি এই তারকার জাতীয় দলে প্রত্যাবর্তনে খুশি হয়েছেন অনেক ফুটবলপ্রেমী। তবে দলে ফিরলেও তাঁর বিশ্বকাপে খেলা এখনও অনিশ্চয়তাই রয়ে গিয়েছে। কারণ তাঁর নতুন করে চোটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

চোট ও ফিটনেস সমস্যার জন্য নেইমারকে নিয়ে প্রশ্ন নতুন নয়। সেই আশঙ্কাই আবার সামনে এল। ব্রাজিলের প্রথম ট্রেনিং সেশনে দেখা গেল না তাঁকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, ডান পায়ের কাফ মাসলের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই গ্রাঞ্জা কোমারির অনুশীলনে না এসে তাঁকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে ইমেজিং টেস্টের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

ফুটবল সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমস্ত মেডিক্যাল টেস্ট শেষ না হওয়া পর্যন্ত নেইমারের চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হবে না। কিন্তু প্রথম অনুশীলনেই তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে। শেষ কয়েক বছর ধরেই ক্রমাগত চোটে ভুগছেন সাম্বা তারকা। এটুকু স্পষ্ট যে, বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর ফের চোট পেয়েছেন নেইমার। এখন দেখার, ৩৪ বছরের ফুটবল তারকার চোটের গতিপ্রকৃতি কোন দিকে এগোয়।

Advertisement

উল্লেখ্য, ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার ২০২৩ সালের পর আর জাতীয় দলে খেলেননি। দীর্ঘদিনের চোট ও ক্লাব ফুটবলে (সান্তোসের হয়ে) হতাশাজনক পারফরম্যান্স তাঁর ফিটনেস ও ফর্ম, দু’টিকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পানামার পর মিশরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচে নেইমার মাঠে নামতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.