Shooter Damayanti Sen

ভবানীভবনে নিখোঁজ রাইফেল শুটারের বাবা, তদন্তে ৪টি দল গঠন হাওড়া সিটি পুলিশের

কোথায় কোথায় দময়ন্তী যেতে পারে সে সম্পর্কে পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৯:৪৩

options
link
ভবানীভবনে নিখোঁজ রাইফেল শুটারের বাবা, তদন্তে ৪টি দল গঠন হাওড়া সিটি পুলিশের
ভবানীভবনে নিখোঁজ রাইফেল শুটারের খোঁজে বাবা

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া জাতীয়স্তরের রাইফেল শুটার দশম শ্রেণির ছাত্রী ১৫ বছরের দময়ন্তী সেনকে খুঁজতে শুক্রবার দিনভর তৎপর হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশ। দময়ন্তীকে খুঁজতে এদিন হাওড়া সিটি পুলিশের তরফে চারটি দল গঠন করা হয়। হাওড়া শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশের এই চারটি দল ছড়িয়ে পড়ে। কোথায় কোথায় দময়ন্তী যেতে পারে সে সম্পর্কে পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের দল সেসব জায়গায় যান। দময়ন্তীর খোঁজখবর করতে শুরু করেন।

Advertisement

বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন ও শ্রীরামপুর স্টেশনের সিসিটিভিতে দময়ন্তীকে দেখা যায়। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের মেয়েকে খোঁজার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। যদিও দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন শুক্রবার অভিযোগ করেন, স্টেশন থেকে কোনও সিসিটিভি ফুটেজ রেল কর্তৃপক্ষ হাওড়া সিটি পুলিশকে না দেওয়ার ফলে তাঁর মেয়েকে খুঁজতে অনেক সময় লেগে যাচ্ছে। রেল পুলিশের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে বলা হয়েছে, দময়ন্তীকে খুঁজতে স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে সবরকম চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।

Advertisement
Shooter
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শুটারকে। নিজস্ব চিত্র

ধ্রুবজ্যোতিবাবু শুক্রবার আরও জানালেন, অন্যান্যদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দময়ন্তী তাদের মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিল। তার কাছে মোবাইল টাকা পয়সা কিছুই ছিল না। নাইটড্রেস পরেই বছর পনেরোর দময়ন্তী দোকানে যায়।

Advertisement

দোকান থেকে ফিরে ১০টা নাগাদ অন্যান্য দিনের মতোই বাবার সঙ্গে তার অনুশীলন করতে যাওয়ার কথা ছিল। কিন্তু ১০টা বেজে গেলেও দময়ন্তী বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বেরন ধ্রুবজ্যোতি। আশপাশে কোথাও খোঁজ না মেলায় হাওড়া থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। বাড়িতে কারও সঙ্গে অশান্তি ছাড়াই কী কারণে আচমকাই বাড়ি থেকে চলে গেল দময়ন্তী তা বুঝতে পারছে না তার পরিবার। এদিকে বৃহস্পতিবার সকালে একবার হাওড়া স্টেশন, শ্রীরামপুর স্টেশনের পর শুক্রবার সকালে শ্রীরামপুরে মাহেশে রথের মেলায় দেখা যায় দময়ন্তীকে। শুক্রবার দিনভর সমাজমাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, শুক্রবার বিকেল পর্যন্ত দময়ন্তীর কোনও খোঁজ না মেলায় রাজ্য পুলিশের কাছে ভবানী ভবনের দ্বারস্থ হন দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতিবাবু। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানালেন, ‘‘দময়ন্তীকে খুঁজতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।’’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.