Hockey World Cup

হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

৫১ বছর আগে এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অর্ধশতাব্দীরও বেশি সময় পার হয়ে গেলেও ভারত আর কখনও হকিতে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৯:২৪

options
link
হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
ছবি হকি ইন্ডিয়া।

আমস্টেলভিনে হকি বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করল ভারত। শনিবার ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল হরমনপ্রীত সিংয়ের দল। ভারতের হয়ে জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীতের। আরেকটি গোল সঞ্জয়ের। তিনটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। 

Advertisement

ওয়েলসের বিরুদ্ধে আগের পাঁচ সাক্ষাতে চার বার জিতেছিল ভারত। একটি ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিত অবস্থায়। এদিন অবশ্য শুরুটা ভালো করেছিল ওয়েলসই। প্রথম কয়েক মিনিটে ভারতের রক্ষণে চাপ তৈরি করে তারা। তবে তিন কাঠির নিচে দুরন্ত ছিলেন সূরজ কারকেরা। একের পর এক আক্রমণ সামলে দলকে বিপদমুক্ত রাখেন তিনি।

Advertisement

নবম মিনিটে প্রথম গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও ফিরতি সুযোগে বল জালে জড়িয়ে দেন সঞ্জয়। দু’মিনিট পরেই ব্যবধান বাড়ান হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকে তাঁর নিখুঁত শটে কোনও সুযোগই পাননি ওয়েলসের গোলকিপার বা ডিফেন্ডাররা। দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। সুযোগ তৈরি করেছিল ওয়েলসও। একা গোলকিপারের সামনে চলে এসেছিলেন প্রিচার্ড। কারকেরাকে কাটিয়ে গেলেও তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।

Advertisement

তৃতীয় কোয়ার্টারে ফের চাপ বাড়ায় ওয়েলস। ভারতের বক্সে বেশ কয়েকবার ঢুকে পড়লেও জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে আরও একবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। তাঁর জোরাল শটে বল সরাসরি জালে জড়িয়ে যায়। ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। চতুর্থ কোয়ার্টারে ওয়েলস গোল শোধের মরিয়া চেষ্টা চালায়। মাঝপর্বে পেনাল্টি কর্নার থেকে গ্যারেথ ফারলংয়ের শট দুর্দান্ত দক্ষতায় বাঁচান কারকেরা। ১১ মিনিটের মাথায় গোলের সামনে জটলা থেকে বল কেড়ে জালে পাঠান ওয়েলসের স্যাম ওয়েলশ। এর পর আর ব্যবধান কমাতে পারেনি ওয়েলস। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয়ী হল হরমনপ্রীতের দল। 

উল্লেখ্য, ১৯৭৫ সালে অর্থাৎ ৫১ বছর আগে এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অর্ধশতাব্দীরও বেশি সময় পার হয়ে গেলেও ভারত আর কখনও হকিতে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। সেই খরা কাটানোর লক্ষ্য নিয়েই ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল ভারত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.