India Hockey

৫১ বছর ধরে সেই ব্যর্থতাই সঙ্গী, আর্জেন্টিনার কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

সেমিফাইনালে ওঠার অঙ্ক এমনিতেই কঠিন ছিল। তার মধ্যে প্রথম মিনিটে পিছিয়ে পড়ে কাজ আরও কঠিন হয়ে যায় হরমনপ্রীত সিংদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ২১:১৪

options
link
৫১ বছর ধরে সেই ব্যর্থতাই সঙ্গী, আর্জেন্টিনার কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
বিশ্বকাপ থেকে বিদায় ভারতের। ফাইল ছবি।

৫১ বছর কেটে গেল। সাফল্য আর আসছে না। এবারও সেই ব্যর্থতাই সম্বল ভারতীয় হকি দলের। মরণবাঁচন ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের। সেমিফাইনালে ওঠার অঙ্ক এমনিতেই কঠিন ছিল। তার মধ্যে প্রথম মিনিটে পিছিয়ে পড়ে কাজ আরও কঠিন হয়ে যায় হরমনপ্রীত সিংদের। সেখান থেকে মরিয়া কামব্যাকের চেষ্টা করেও লাভ হল না।

Advertisement

দেশের মাটিতে নেদারল্যান্ডস ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট কেটে নিয়েছে। পুল ই-তে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠতে হলে আর্জেন্টিনাকে হারাতেই হত। সেখানে অন্তত চার গোল দিতেই হত। আর্জেন্টিনার বিরুদ্ধে সাম্প্রতিক রেকর্ডও স্বস্তি দিচ্ছে না ভারতকে। এ বছর এফআইএইচ প্রো লিগে দু’বার মুখোমুখি হয়েছে দু’দল। দু’বারই জিতেছে আর্জেন্টিনা। এক ম্যাচে ভারতকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর অন্য ম্যাচে জয় ৪-২ ব্যবধানে। এবার ভারত হারল ৩-৫ গোলে। ভারতের বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচ জিতল আর্জেন্টিনা।

Advertisement

জোয়াকিন টোসকানির গোলে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। ৬ মিনিটে ব্যবধান বাড়ান নিকোলাস ডেলা তোরে। ১০ মিনিটে সুখজিৎ সিংয়ের গোল ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করে। কিন্তু তারপর ৩৩ ও ৪৫ মিনিটে টমাস ডোমেনের জোড়া গোল। আরেকটি গোল করেন লুকাস টোসকানি। ৫-১ গোলে পিছিয়ে পড়ার পর ভারত একটি মরিয়া চেষ্টা করেছিল। ৫৮ মিনিটে সুখজিৎ ও একেবারে শেষ মুহূর্তে হার্দিক সিং গোল করে ব্যবধান কমান। কিন্তু তাতেও ৩-৫ গোলে হারার লজ্জা এড়ানো গেল না।

Advertisement

ভারত বিশ্বকাপে একবারই সাফল্য পেয়েছে। ১৯৭৫ সালে চ্যাম্পিয়ন হয়। তারপর আর সেমিফাইনালেও উঠতে পারেনি। এবারও পার্থক্য হল না। এখন সপ্তম-অষ্টম স্থানের জন্য বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে হবে। অন্যদিকে আর্জেন্টিনাকে সেমিতে ওঠার জন্য অপেক্ষা করতে হবে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের জন্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.