পূজারার চওড়া ব্যাটে ভর করে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে

এখনই অবশ্য বিরাটদের মুখে চওড়া হাসি ফুটছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০১৭, ১২:৪২

options
link
পূজারার চওড়া ব্যাটে ভর করে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে

ভারত: ১৮৯ ও ২১৩/৪ (রাহুল-৫১ পূজারা-৭৯*)

Advertisement

অস্ট্রেলিয়া: ২৭৬

Advertisement

তৃতীয় দিনের শেষে ১২৬ রানে এগিয়ে ভারত

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ‘মর্নিং শোজ দ্য ডে’। চিন্নাস্বামীতে তৃতীয় দিন ভারতীয়দের মধ্যে ঘুরে দাঁড়ানোর জেদটা শুরু থেকে নজরে পড়ল। ফলে দিনের শেষে তুলনামূলক স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। দ্বিতীয় দিন যেখানে মনে হয়েছিল, অজিবাহিনীর জয় শুধু সময়ের অপেক্ষা, তৃতীয় দিন সেই ছবিটা অনেকটাই পাল্টে গেল। ব্যাট হাতে লড়াইয়ের মশলা মজুত করলেন লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারা।

তবে দুই ব্যাটসম্যানের আগে টিম ইন্ডিয়ার কাজ যিনি সহজ করে দিলেন, তিনি রবীন্দ্র জাদেজা। নাথান লিয়নের সঙ্গে যেন প্রতিনিয়ত একটা অদৃশ্য লড়াই চলছিল জাদেজা, অশ্বিনদের। ঘরের মাটিতে বিদেশি স্পিনার এসে বাজিমাত করে চলেছেন, আর তাঁরা নির্বাক দর্শক! সেখান থেকেই যেন জয়ের তাগিদটা বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছিল। যে স্পিন দিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডারকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিল অস্ট্রেলিয়া, সেই স্পিনেই এবার ধাক্কা খেলেন অজি ব্যাটসম্যানরাও। জাদেজার ঝুলিতে এল ৬টি উইকেট। অশ্বিন তুলে নিলেন দু’টি। তাঁদের দৌলতেই ২৭৬ রানে আটকে দেওয়া সম্ভব হল স্মিথ অ্যান্ড কোম্পানিকে।

(আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি বিরাট, ব্যাট দেখিয়ে কী বার্তা দিলেন?)

হাতে তখনও প্রায় পৌনে তিন দিন। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ধরে খেলতে না পারলে সেই যে একই পাঁকে পড়তে হবে তা ভালই জানা ছিল বিরাটদের। আর শুধু তৃতীয় দিনে ক্রিজে টিকে থাকাই নয়, স্কোরবোর্ডে রান জুড়ে দেওয়ার কাজটাও কঠিন। তাও আবার প্রথম ইনিংসে আট উইকেট তুলে নেওয়া লিয়নকে সামলানোর বিষয়টা প্রতি মুহূর্তে ব্যাটসম্যানদের মাথায় কাজ করছিল। সেখানে দাঁড়িয়ে ফের দায়িত্ববানের মতো একটা ইনিংস খেললেন রাহুল। তবে প্রথম ইনিংসের পর আরও একবার ব্যর্থ বিরাট কোহলি। ১৫ রানে ফিরলেন তিনি। তবে দলকে ভরাডুবি থেকে টেনে তুললেন পূজারা। প্রথম টেস্টে তাঁর ব্যাট কথা বলেনি। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন। এদিন ফের নিজেকে প্রমাণ করতে সফল তিনি। দিনের শেষে ৭৯ রান করে ক্রিজে রইলেন। ৪০ রানে আছেন রাহানে।

এখনই অবশ্য বিরাটদের মুখে চওড়া হাসি ফুটছে না। কারণ আপাতত অজিদের পাল্লা ভারী না হলেও বিপদ একেবারেই কাটেনি। জয়ের রাস্তায় এখনও কাঁটা ভর্তি। তবে রানের সঙ্গে যে আত্মবিশ্বাসও দলে ফিরেছে, তা বলাইবাহুল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.