Tutu Bose

‘মি. গোয়েঙ্কা সমবেদনা জানিয়েছেন,’ টুটু বোসকে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক থামানোর অনুরোধ সৃঞ্জয়ের

মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হন ময়দানের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব টুটু বোস। মোহনবাগান সুপার জায়ান্টসের এক্স হ্যান্ডেল থেকে 'মোহনবাগান রত্ন' টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্লাব তাঁবুতে টুটু বোসের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৮:৫১

options
link
‘মি. গোয়েঙ্কা সমবেদনা জানিয়েছেন,’ টুটু বোসকে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক থামানোর অনুরোধ সৃঞ্জয়ের
ফাইল ছবি।

১২ মে প্রয়াত হয়েছেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস। কলকাতা ময়দানে যিনি টুটু বোস নামেই সুপরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ছিলেন ক্রীড়াপ্রেমীরা। তার মধ্যে অনেকে প্রশ্ন তোলেন, কেন মোহনবাগান সুপার জায়ান্টসের ফেসবুক পেজ থেকে এই বিষয়ে পোস্ট করা হয়নি। এই নিয়ে মুখ খুললেন টুটু-পুত্র ও মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বোস। সোশাল মিডিয়ায় বিতর্ক তৈরি না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হন ময়দানের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব টুটু বোস। মোহনবাগান সুপার জায়ান্টসের এক্স হ্যান্ডেল থেকে ‘মোহনবাগান রত্ন’ টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে এমবিএসজি ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্লাব তাঁবুতে টুটু বোসের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তবে অনেকে দাবি করেন, টুটু বোসকে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস সোশাল মিডিয়ায় কোনও পোস্ট করেনি। এবার সৃঞ্জয় জানালেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করার পাশাপাশি সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ফোন করে সমবেদনা জানিয়েছেন।

Advertisement

ফেসবুকে সৃঞ্জয় লিখেছেন, ‘আমার বাবাকে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টসের তরফ থেকে সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করা হয়নি বলে কিছু ফ্যান ক্লাব যে বিতর্ক তৈরি করছে, তা সত্যি নয়। এই ধরনের পোস্টগুলো ডিলিট করুন। মোহনবাগান সুপার জায়ান্টস সকাল ৮টার সময় টুইটারে পোস্ট করেছিল। সঞ্জীব গোয়েঙ্কা আমাকে ফোন করে কথা বলেন এবং সমবেদনা জানান। মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট ও মি. গোয়েঙ্কা ব্যক্তিগতভাবে পুষ্পস্তবক পাঠিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আমি আবারও সবাইকে অনুরোধ করব, এই নিয়ে আর বিতর্ক যেন না বাড়ানো হয়। এই ধরনের ঘটনা আমার বাবার সুনামকে কলঙ্কিত করবে।’

Advertisement

অন্যদিকে প্রিয় ‘অভিভাবক’ টুটুবাবুর জন্যই এবার ডার্বি জিততে চাইছেন মোহনবাগান ফুটবলাররা। ভক্তদের মতো একই কথা এবার শোনা গেল শুভাশিস বসুর মুখেও। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী রবিবার মোহনবাগান ডার্বি জিতবে এবং সেই জয় উৎসর্গ করা হবে টুটুবাবুকে। বৃহস্পতিবার অনুশীলনে সবুজ-মেরুন ব্রিগেড নীরবতা পালন করেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.