সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরে চার কোচ৷ মেনেজেস, স্কোলারি, দুঙ্গার পর এবার টিটে৷
ঘুরেফিরে সেই যখন টিটের নামই উঠল, তখন কোরিন্থিয়ান্সের অনেকেই হাসছেন৷ কারণ, চার বছর আগেই ব্রাজিল কোচ হওয়ার ব্যাপারে নাম উঠেছিল টিটের৷ তখন স্কোলারির মতো হেভিওয়েট নাম উঠে আসায় তাঁকে ভুলে গিয়েছিল ব্রাজিল ফুটবল সংস্থা সিবিএফ৷
একদিন আগেও যা ছিল স্রেফ কড়া আন্দাজ, বৃহস্পতিবার সকালে সেটা নিশ্চিত হয়ে গেল৷ সিবিএফ সরকারি ভাষণ দেয়নি৷ কিন্তু, কোরিন্থিয়ান্স প্রেসিডেন্ট রবার্তো আন্দ্রেদে বললেন, “টিটে আর আমাদের কোচ নন৷ বুধবার বিকেলেই শেষ প্র্যাকটিস সেশন ছিল ওঁর৷ পরের ম্যাচ থেকে উনি নেই৷” এর অর্থ সিবিএফের তরফে ইতিমধ্যেই তাদের বলা হয়েছে, অন্য কাউকে খুঁজে নিতে৷ দু’বছর আগেও স্কোলারির চাকরি যখন যায়, তখনও আরেকবার টিটের নাম আলোচনায় এসেছিল৷ কিন্তু, দুঙ্গা হেভিওয়েট বলে তিনি আসেন৷ এবার আর তাই কোনও ঝুঁকি নেননি সিবিএফ কর্তারা৷
প্রশ্ন, ব্রাজিল ফুটবলের হাল কতটা ফেরাতে পারবেন টিটে? সহজ উত্তর, কোরিন্থিয়ান্সে যিনি রোনাল্ডো বা রবার্তো কার্লোসের মতো ফুটবলারকে সামলেছেন, তাঁর পক্ষে নেমারদের সামলানো কঠিন না হওয়ারই কথা৷ তাঁর কোচিং স্টাইল দেখলে ধরেই নেওয়া যায়, ব্রাজিল তাঁর অধীনে আক্রমণাত্মক ফুটবলই খেলবে৷ সামনেই ওলিম্পিক৷ এবং বিশ্বকাপের বাছাই-পর্ব৷ প্রবল কঠিন পরীক্ষা সামনে৷ টিটে অবশ্য এর জন্য অপেক্ষা করছিলেন৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের