FIFA World Cup 2026

ফুটবল বিশ্বকাপ খেলবে ইরান? ফিফার বৈঠকে কাটার মুখে জট 

আমেরিকার মাটিতে ইরান আদৌ ফুটবল বিশ্বকাপ খেলবে কি না, সেই অনিশ্চয়তা অনেকটাই কাটার মুখে। বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনাই এখন বেশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৫:৫৯

options
link
ফুটবল বিশ্বকাপ খেলবে ইরান? ফিফার বৈঠকে কাটার মুখে জট 
ফাইল ছবি।

আমেরিকার মাটিতে ইরান আদৌ ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলবে কি না, সেই অনিশ্চয়তা অনেকটাই কাটার মুখে। বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনাই এখন বেশি। ফিফার সচিব মাতিয়াস গ্রাফস্টর্ম ইরানের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক করার পর দুই পক্ষই জানিয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে।

Advertisement

বৈঠক শেষে গ্রাফস্টর্ম বলেন, “ইতিবাচক বৈঠক হয়েছে। ইরানের ফুটবল সংস্থার সঙ্গে আমাদের গঠনমূলক কথা হয়েছে। বিশ্বকাপে ইরানকে দেখতে পাব বলেই আশাবাদী আমরা। এখনও কিছু বিষয়ে আমাদের আলোচনা বাকি রয়েছে। এটা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দেশের সঙ্গেই এই আলোচনা হয়ে থাকে।” ফিফার তরফে জানানো হয়েছে, ইরানের ফুটবল কর্তাদের আগ্রহ দেখে তাদের ভালো লেগেছে। গ্রাফস্টর্মের সংযোজন, “ইরানের ফুটবল কর্তারাও আগ্রহ দেখিয়েছেন। আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাতে আমরা তৈরি।”

Advertisement

অন্যদিকে, ইরানের ফুটবল সংস্থার প্রধান মেহদি তাজও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, “আমাদের উদ্বেগগুলোর বিষয়ে তা ফিফা কর্তাকে জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিষয়গুলো খতিয়ে দেখা হবে। বিশ্বকাপে খেলতে আমাদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।” জানা গিয়েছে, তুরস্কে ইরানের প্রস্তুতি শিবির চলাকালীন সেখানেই এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়। বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। তার আগেই সমস্ত জটিলতা মিটিয়ে ইরানকে রাজি করাতে চাইছে ফিফা।

Advertisement

এর আগে ইরান জানিয়েছিল, তারা অবশ‌্যই বিশ্বকাপে খেলবে। কিন্তু তাদের ফুটবলার, সকল সদস‌্য এবং কর্মকর্তাদের যথাযোগ‌্য সম্মান দিতে হবে। এছাড়াও তারা আরও বেশ কিছু শর্ত সামনে রাখে। শর্তগুলির মধ্যে অন‌্যতম হল, ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর যে সমস্ত সদস‌্য ইরানের জাতীয় ফুটবল দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাঁদের ভিসা মঞ্জুর করতে হবে। এখন দেখার, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.