FIFA World Cup

১৮০ দেশের সঙ্গে চুক্তি পাকা, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? মুখ খুলল ফিফা

এবার ৪৮টি দেশ লড়বে বিশ্বচ্যাম্পিয়নের খেতাবের জন্য। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এখনও বড় প্রশ্ন, টিভিতে বা ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখা যাবে তো?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৩:৩৬

options
link
১৮০ দেশের সঙ্গে চুক্তি পাকা, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? মুখ খুলল ফিফা
ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? ছবি এআই দ্বারা নির্মিত।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডার মাটিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। এবার ৪৮টি দেশ লড়বে বিশ্বচ্যাম্পিয়নের খেতাবের জন্য। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এখনও বড় প্রশ্ন, টিভিতে বা ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখা যাবে তো?

Advertisement

এখনও পর্যন্ত ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য কোনও সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে পারেনি ফিফা। যদিও আলোচনা চলছে বলে জানিয়েছে তারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইতিমধ্যেই বিশ্বের ১৮০টি দেশের সঙ্গে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতে বিশ্বকাপ দেখানোর বিষয়েও আলোচনা চলছে। আমরা চাই, ফুটবলের সবচেয়ে বড় আসর ভারতেও সম্প্রচারিত হোক।”

Advertisement

শুধু ভারত নয়, চিনেও এখনও সম্প্রচার স্বত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গিয়েছে, খুব শীঘ্রই বেজিংয়ে গিয়ে আলোচনা করবেন ফিফা কর্তারা। বিশ্বজুড়ে সম্প্রচার ব্যবস্থা দ্রুত চূড়ান্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। এদিকে ভারতে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বিশ্বকাপ সম্প্রচারের দাবিতে দায়ের হওয়া মামলার পর দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীকে নোটিস পাঠিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা।

Advertisement

ভারতে ফুটবলপ্রেমীর অভাব নেই। দেশ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-স্পেনের ম্যাচ দেখার দর্শক প্রচুর পরিমাণে আছেন। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থা বদলায়নি। সব মিলিয়ে, বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলেও ভারতে সম্প্রচার নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে ফিফার বক্তব্যে স্পষ্ট, ভারতীয় দর্শকদের জন্য দ্রুত সমাধান খুঁজতে মরিয়া তারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.