Xabi Alonso

১০ বছরে ১০ জন, চেলসির নতুন কোচ হচ্ছেন জাবি, রিয়ালের দায়িত্ব আসছেন মোরিনহো

চেলসিকে ০-১ গোলে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। সিটির খেতাব জয়ের দিনই চেলসি তাদের কোচ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৭:২৮

options
link
১০ বছরে ১০ জন, চেলসির নতুন কোচ হচ্ছেন জাবি, রিয়ালের দায়িত্ব আসছেন মোরিনহো
জাবি আলোন্সো ও মোরিনহো। ফাইল ছবি

১০ বছরে ১০ কোচ। এবার চেলসির নতুন কোচ হতে চলেছেন জাবি আলোন্সো (Xabi Alonso)। চেলসিকে ০-১ গোলে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার প্রতিযোগিতার ফাইনালে সিটির হয়ে ৭২ মিনিটে জয়সূচক গোলটি করেন আন্তোয়ান সেমেনিও। চলতি মরশুমে পেপ গুয়ার্দিওলার দল এই নিয়ে দ্বিতীয় খেতাব ঘরে তুলল। সিটির খেতাব জয়ের দিনই চেলসি তাদের কোচ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

লিয়াম রোসেনিওরের বিদায়ের পর চেলসিতে নতুন কোচ আসা ছিল সময়ের অপেক্ষা। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে চেলসির দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন। রবিবার সকালেই চার বছরের চুক্তিতে ক্যালামের জায়গায় আসছেন জাবি। স্প্যানিশ কোচ এর আগে বেয়ার লেভারকুসেনকে জার্মানির বুন্দেশলিগা চ্যাম্পিয়ন করানোর পর রিয়াল মাদ্রিদে আসেন। কিন্তু এমবাপে-ভিনিসিয়াসদের সঙ্গে বিবাদের পর মাঝপথে চাকরি হারান। অন্যদিকে বারবার কোচ বদলেও চেলসি প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার দেখা যাক, ‘ব্লুজ’রা জাবি আলোন্সোর হাত ধরে পুরনো আধিপত্য ফিরে পায় কি না।

Advertisement

অন্যদিকে রিয়ালে কোচ বদলের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। শুধু ঘোষণা বাকি। রিয়াল মাদ্রিদে দ্বিতীয়বারের জন্য কোচ হতে চলেছেন প্রখ্যাত পর্তুগিজ কোচ জোস মোরিনহো। সংবাদমাধ্যম সূত্রে খবর, রিয়াল কর্তাদের সঙ্গে মোরিনহোর কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই মোরিনহোর সঙ্গে রিয়ালের চুক্তির বিষয়টি ঘোষণা করা হবে।

রিয়ালের বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট ছিলেন না রিয়াল কর্তারা। দল চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ। ঘরোয়া লিগও হাতছাড়া হয়েছে। তার উপর দলের অভ্যন্তরেই তৈরি হয়েছে বিতর্ক। ড্রেসিংরুমের ভিতরে হাতাহাতি করে জরিমানার কবলে পড়েছেন দুই তারকা ফেডেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনি। দলের উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছেন কোচ আলভারো। ফলে মরশুম শেষে তাঁকে সরিয়ে নতুন কোচের হাতেই দলের দায়িত্ব দিতে চান রিয়াল কর্তারা। এই মুহূর্তে মোরিনহো পর্তুগালের ক্লাব বেনফিকার কোচের পদে রয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.