স্টাফ রিপোর্টার: “ম্যায় দাউদ ইব্রাহিম বোল রহা হুঁ৷ আধা ঘণ্টা কি অন্দর কলকাত্তা মে ধামাকা হোগা৷ সব কুছ তোড়ফোড় কর দুঙ্গা৷”
গম্ভীর কণ্ঠস্বরের এই হুমকি ফোন এসে পৌঁছল লালবাজারের ১০০ ডায়ালে৷ কিছুক্ষণের মধ্যেই একই হুমকি ফোনে বেজে উঠল লেক থানার টেলিফোন৷ শুক্রবার বিকেলে এই ফোন পেয়েই নড়েচড়ে বসলেন লালবাজারের গোয়েন্দারা৷ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুলিশমহলে৷ তাহলে কি বাংলাদেশের মতোই কলকাতাতেও কোনও নাশকতা চালাতে হুমকির এই ফোন ‘ইসলামিক স্টেট’ বা ‘আইএস’-এর? কোনওরকম ঝুঁকি না নিয়ে তদন্তে নামলেন লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ-এর গোয়েন্দারা৷ সেই হুমকি ফোনের সূত্র ধরে তদন্তে নেমে গড়িয়াহাটের কাঁকুলিয়া রোড থেকে অনির্বাণ সান্যাল নামে সেন্ট পলস কলেজের এক কৃতী ছাত্রকে গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ৷
এদিন বিকেল প্রায় সাড়ে পাঁচটা৷ এই সময়েই প্রথম হুমকি ফোন আসে লালবাজারের ১০০ ডায়ালে৷ এর পর ওই একই ভাষায়, একই গম্ভীর কণ্ঠস্বরের হুমকি ফোন যায় লেক থানার কর্তব্যরত পুলিশকর্তাদের কাছে৷ ফোন পেয়ে লেক থানার পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানান লালবাজারের কর্তাদের৷ উল্লেখ্য, কোনও সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে হুমকি ফোন এলে সচরাচর কেউই ব্যক্তিগত মোবাইল থেকে সেই ফোন করে না৷ এক্ষেত্রে মজার বিষয় হল, এদিনের হুমকি ফোন এসেছিল ব্যক্তিগত একটি মোবাইল থেকে৷ এটিই ছিল তদন্তের ক্ষেত্রে পুলিশের কাছে তুরুপের তাস৷
সেই মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নেমে এসটিএফের গোয়েন্দারা দেখলেন, মোবাইল ফোনটির মালিকের নাম অনির্বাণ সান্যাল৷ বাড়ি গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে৷ এই তথ্য পেতেই গড়িয়াহাট থানার পুলিশকর্মীদের নিয়ে এদিন এসটিএফের গোয়েন্দারা বিশাল বাহিনী নিয়ে ঘিরে ফেললেন কাঁকুলিয়া রোডের সেই বাড়ি৷ পুলিশবাহিনীকে তল্লাশি রতে দেখে এলাকায় ছড়িয়ে পড়ল আতঙ্ক৷ সকলেই ভাবলেন এই বাড়িতেই লুকিয়ে রয়েছে কোনও জামাত বা আইএস জঙ্গি৷
এই বাড়ি থেকেই গ্রেফতার করা হল অনির্বাণ সান্যাল (২২)-কে৷ নিয়ে আসা হল গড়িয়াহাট থানায়৷ জানা গেল অনির্বাণ সেন্ট পলস কলেজের পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র৷ পড়াশোনাতেও সে অত্যন্ত সিরিয়াস৷ এলাকাতেও ভাল ছেলে হিসেবে তার সুনাম রয়েছে৷ তা হলে কেন সে করতে গেল এই কাজ? থানায় বসিয়ে তাকে শুরু হল জিজ্ঞাসাবাদের কাজ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই লালবাজারের ১০০ ডায়ালে এই রকমই হুমকি ফোন দিয়ে নবান্নে বোমা রাখা আছে বলে জানিয়ছিল কালীঘাটের বাসিন্দা অনিরুদ্ধ ঘোষ৷ মানসিকভাবে বিপর্যস্ত অনিরুদ্ধবাবু৷ সেই কারণেই তাঁর এই হুমকি ফোন৷ এ বিষয়ে এদিন যুগ্ম নগরপাল (সদর) সুপ্রতিম সরকার জানান, আতঙ্ক ছড়াতে এইরকম হুমকি ফোন যারা দেবে তাদের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা