Israel

ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ

'ইজরায়েল ১৫ দফা চুক্তি প্রত্যাখ্যান করছে। হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে প্রত্যাহার করা হবে না আইডিএফকে। জানিয়ে দিলেন নেতানিয়াহু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৮:৪৬

options
link
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
ফাইল চিত্র।

সম্পূর্ণ অস্ত্র প্রত্যাহার করবে হামাস। এলাকা ছেড়ে চলে যাবে ইজরায়েলি ফৌজও। জুলাই শেষে এই মর্মে ঐতিহাসিক গাজা চুক্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের কোনও কথাই শুনছেন না বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ১৫ দফা শান্তিচুক্তি মানবেন না বলে জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ট্রাম্পের ‘বন্ধু’র সাফ কথা, যতক্ষণ না হামাস সম্পূর্ণভাবে অস্ত্রত্যাগ করছে, ততক্ষণ ইজরায়েলি সেনাও গাজার মাটি ছাড়বে না।

Advertisement

রবিবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, “ইজরায়েল ১৫ দফা চুক্তি প্রত্যাখ্যান করছে। হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত আইডিএফ সৈন্য প্রত্যাহার করবে না।” যোগ করেন, “আমাদের বাহিনী ও দেশের নাগরিকদের বিরুদ্ধে যা কিছু হুমকি তা প্রতিহত করে যাবে।” যদিও শনিবারই হামাস জানিয়েছিল, তারা ট্রাম্পের শর্ত মেনেই এগোচ্ছে। পরিকল্পনা মতো সর্বশেষ ধাপটির প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। এই ধাপ অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের সশস্ত্র সদস্যরা যাবতীয় অস্ত্রশস্ত্র সদ্য গঠিত প্যালেস্তিনীয় প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করবে।

Advertisement

কয়েক দিন আগেই সংযুক্ত আরব আমিরশাহী এবং আরও সাতটি মুসলিম-প্রধান দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছিল। তারা গাজা উপত্যকায় ইজরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছিল, ইজরায়েলের কারণে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাব ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহু বেঁকে বসায় বাস্তবে তেমনটাই ঘটল।

Advertisement

প্রসঙ্গত, গত ৩১ জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন, ‘বোর্ড অফ পিস এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। হামাস এবং গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়তে রাজি হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ।’ ট্রাম্প আরও জানান, হামাস অস্ত্রত্যাগ করলেই গাজা থেকে বিদায় নেবে ইজরায়েলি ফৌজ। তৈরি হবে প্যালেস্টাইনের নতুন পুলিশ বাহিনী যারা গাজার আইনশৃঙ্খলা রক্ষার ভার নেবে। সফলভাবে মধ্যস্থতার জন্য মিশর, কাতার এবং তুরস্ককে ধন্যবাদও জানান ট্রাম্প।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.