সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গল মাদারদের হয়ে সওয়াল শুরু করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী৷ পাসপোর্টে পিতৃপরিচয় না রাখার পক্ষে সরব হলেন তিনি৷
দিল্লির প্রিয়াঙ্কা গুপ্ত নামে এক সিঙ্গল মাদার সম্প্রতি মেয়ের পাসপোর্ট করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন৷ বারবার করে তাঁর মেয়ের পিতৃপরিচয় জানতে চাওয়া হয়৷ স্বামীর সঙ্গে তিনি থাকেন না বলা সত্ত্বেও এই তথ্যের উপর জোর দেওয়া হয়৷ এরপরই অনলাইনে তিনি একটি পিটিশন দাখিল করেন৷ সিঙ্গল মাদারদের সন্তানের ক্ষেত্রে পাসপোর্টে পিতৃপরিচয় না রাখার আর্জি জানান তিনি৷ হাজার হাজার সিঙ্গল মাদার তাঁর বক্তব্য সমর্থন করেন৷ কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী এখনও পাসপোর্টে বাবার পরিচয় থাকা বাধ্যতামূলক৷ এদিকে সিঙ্গল মাদারদের দাবি, পাসপোর্টে পিতৃপরিচয় রাখা মানে প্রতি সন্তানকে এমন একজনের নাম জীবনভর দেখতে হবে, যিনি ওই সন্তানকেই আঘাত করেছেন৷ এই প্রেক্ষিতেই এবার এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন মানেকা গান্ধী৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে তিনি পাসপোর্টের নিয়মাবলীতে পরিবর্তন আনারও আবেদন জানান৷
পরিসংখ্যান দিয়ে মানেকার দাবি, স্বেচ্ছায় এবং বিয়ে না টেকার কারণে দেশে সিঙ্গল মাদারদের সংখ্যা বাড়ছে৷ ফলত পাসপোর্ট তৈরির নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলেই মনে করেন তিনি৷ ২০১৬ সালে দিল্লি হাই কোর্ট এক রায়ে জানিয়েছিল, যদি মা ও সন্তান ইচ্ছে করেন তাহলে পাসপোর্টে বাবার পরিচয় নাও রাখতে পারেন৷ যদিও এই নিয়ম এখনও সরকারিভাবে সর্বস্তরে এখনও চালু করা হয়নি৷ এবার তা লাগু করার পক্ষেই সওয়াল করলেন মানেকা৷
সর্বশেষ খবর
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত