সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই থেকে দেশে ফিরতেই আটক হলেন নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েল৷ অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ শনিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন দফতর ম্যাথুকে আটক করে৷ তাঁকে কলকাতা পুলিশের জারি করা লুক-আউট নোটিস দেখানো হয়৷ পরে তাঁকে দিল্লি পুলিশের হাত তুলে দেওয়া হয়৷ রাখা হয় আইজিআই থানায়৷ দিল্লি পুলিশ যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে৷ কলকাতা পুলিশ হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ভিত্তিতে ম্যাথুকে ছেড়ে দিতে বলে৷
তার আগে কলকাতা পুলিশের জয়েণ্ট কমিশনার (ক্রাইম) বিশাল গর্গ বলেন, তাঁরা এই আটকের বিষয়ে কিছুই জানেন না৷ রাতেই আইজিআই ডিসিপি দীনেশকুমার গুপ্তা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর আটকের খবর জানান৷ অবশ্য আটকের খবর পেয়েই লালবাজারে যান ম্যাথুর আইনজীবী শামিম আহমেদ৷ তাঁর আর এক আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, কলকাতা পুলিশের তদন্তে আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরও তাঁকে আটকের ঘটনা আদালত অবমাননার শামিল৷
রাজ্য সরকারের নির্দেশে নারদা-স্টিং অপারেশন নিয়ে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ৷ তবে শুক্রবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে বলে, আপাতত লালবাজার এই ব্যাপারে তদন্ত চালাতে পারবে না৷ তার আগে ম্যাথুর হলফনামায় দাবি করা হয়েছিল, হাই কোর্টে বিষয়টি বিচারাধীন থাকা অবস্হায় কলকাতা পুলিশ সমান্তরাল তদন্ত করতে পারে না৷
যাই হোক, লালবাজার তদন্ত হাতে নেওয়ার পর ম্যাথুকে দেশে ফেরানোর জন্য এবং তদন্তের মুখে বসানোর জন্য চেষ্টা চালাতে থাকে৷ সেহেতু ম্যাথুর নামে লুক-আউট নোটিস জারি করা হয়৷ শনিবার সেই লুক-আউট নোটিস দেখিয়েই আইজিআই বিমানবন্দরে অভিবাসন দফতর ম্যাথুকে আটক করে৷
ম্যাথু বলেন, সব কিছুই হাই কোর্ট দেখছে৷ পরবর্তী শুনানি চলতি মাসের ১৯ তারিখ৷ সবই তাঁদের জানিয়েছি৷ দেখা যাক কী হয়৷
একটি সূত্র থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আদালতের নির্দেশের কপি কলকাতা পুলিশ হাতে না পাওয়ার কারণে, লুক-আউট নোটিস বাতিল বা সেই সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পূর্ণ করতে পারেনি৷ সেই কারণেই ম্যাথুকে অভিবাসন দফতর আটক করে৷ পরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
নজির গড়ে হ্যাটট্রিক দেম্বেলের, নরওয়েকে গোলের মালা পরাল ফ্রান্স
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!