সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখজোড়া ঢুলু ঢুলু৷ জড়িয়ে যাচ্ছে কথা৷ আধ মিনিটও একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই৷ অথচ জিজ্ঞেস করলেই ভাঙা ক্যাসেটের মতো একটাই গান বেজে চলেছে মুখ থেকে৷ “আমি মদ খাইনি স্যর! বিশ্বাস করুন!” কিন্তু আর নয়৷ এবার থেকে হাতেনাতেই ধরে ফেলা যাবে ডাহা মিথ্যে কথা৷ কারণ, জলজ্যান্ত প্রমাণ হিসাবে যে একেবারে মেপে বলে দেওয়া যাবে কারও রক্তে অ্যালকোহলের মাত্রা ঠিক কতখানি৷
সৌজন্যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের তৈরি করা একটি সেন্সর৷ যা দেখতে ঠিক একটি ট্যাটুর মতো৷ মানব-চামড়ার অনাবৃত কোনও অংশে সেটি লাগিয়ে রাখতে হয়৷ সেন্সরটির সঙ্গে চুম্বকের সাহায্যে যুক্ত রয়েছে খুদে একটি ইলেকট্রনিক সার্কিট বোর্ড৷ যা মানব-চামড়ায় উৎপন্ন ঘাম পরীক্ষা করে এবং নির্ভুলভাবে জানিয়ে দেয়, রক্তে ঠিক কতটা পরিমাণে উপস্থিত রয়েছে অ্যালকোহল৷
শুধু তাই নয়, এই সংক্রান্ত তথ্য আবার ব্লু-টুথের মাধ্যমে সহজেই আদান-প্রদান করা যায় অন্য কারও ল্যাপটপ বা স্মার্টফোনে৷ সুতরাং ঘটনাস্থলে সশরীরে উপস্থিত না থেকেও কোনও ব্যক্তি ঠিক কতটা মদ্যপান করেছেন, তা সহজেই জানতে পারা সম্ভব৷
সান দিয়েগোয় অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের এই অভাবনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এসিসি সেন্সরস জার্নালে প্রকাশিত হয়েছে৷ অধ্যাপক জোসেফ ওয়াংয়ের দাবি, “মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে প্রচুর দুর্ঘটনা ঘটে৷ এই প্রযুক্তি সেখানে ব্যবহার করলে এই হার অনেকাংশে রুখে দেওয়া সম্ভব হবে৷ কারণ, কেউ পানশালায় গিয়ে কতটা মদ্যপান করেছে, তা যদি আগে থেকেই তাঁর দূরের বন্ধু বা আত্মীয়স্বজনরা জানতে পারেন, তাহলে তাঁর সঙ্গে থাকা অন্যান্যদের জানিয়ে, সতর্ক করে দিতে পারবেন৷ সেক্ষেত্রে, ওই ব্যক্তিকে আর গাড়ি চালাতে দেওয়া হবে না৷” সাধারণ মানুষ ছাড়াও কোনও পথ-দুর্ঘটনার ক্ষেত্রে তদন্তজনিত কাজে পুলিশ এবং চিকিৎকদেরও এই সেন্সরটি প্রয়োজন হবে বলে মনে করেন তিনি৷

সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…
-
সারা সপ্তাহের ক্লান্তি কাটছে না সপ্তাহান্তের দেড়দিনের ছুটিতে? মেনে চলুন এই ৪ পদ্ধতি