নিজস্ব সংবাদদাতা: প্রতিবাদ এভাবেও করা যায়৷ দেখিয়ে দিলেন কাঁকিনাড়ার রথতলা শীতলামন্দির এলাকার মহিলারা৷
দিনের পর দিন এলাকার মহিলাদের উত্ত্যক্ত করছিল বেসরকারি আয়ুর্বেদিক কলেজের চারজন ছাত্র৷ একাধিকবার বারণেও তাদের ব্যবহারে কোনও লাগাম আসেনি৷ পুলিশকে জানালেও লাভ হয়নি৷ অগত্যাই যুবকদের ‘ধোলাই’য়ের দায়িত্ব নিলেন স্থানীয় মহিলারাই৷ মঙ্গলবার ফের যখন ওই যুবকরা পথচলতি স্কুল ছাত্রী এবং মহিলাদের উত্ত্যক্ত করছিল, সেই সময় এলাকার মহিলারাই ওই চারজনকে ধরে৷ শুরু হয় ‘ধোলাই’৷ অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয় যুবকরা৷ পরে তাদের তুলে দেওয়া হল পুলিশের হাতে৷ অভিযোগ, সোমবার রাতেও নাকি ওই যুবকরা এক মহিলাকে একটি মদের বোতল ছুড়ে মেরেছে৷ সেই মহিলা প্রতিবাদ করায় তাঁর উদ্দেশে ভেসে এসেছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ৷ তাই এদিন সকালে একজন ছাত্রীর প্রতিবাদ আগুনে ঘি পড়ার মতো হয়৷ এলাকার মহিলারা একজোট হয়ে মারধর করেন ওই চারজনকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকরা প্রত্যেকেই একটি বেসরকারি আয়ুর্বেদিক কলেজের ছাত্র৷ জগদ্দল থানার বেল্লে-শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজের প্রথম বর্ষে পড়ে তারা৷ কাঁকিনাড়ার অন্ন্দা ব্যানার্জি রোডের রথতলা শীতলামন্দির মোড়ের কাছে একটি আবাসনে ভাড়া থাকে অভিযুক্ত ওই চার ছাত্র৷ সেখান থেকেই এলাকার মেয়েদের দিনের পর দিন উত্ত্যক্ত করত বলে অভিযোগ৷ এলাকাবাসী একাধিকবার বিষয়টি নিয়ে ওই চারজনকে সাবধান করার পরও তারা শোধরায়নি৷ তাই বাধ্য হয়েই এদিন এলাকার মহিলারা মারধর করেন ওই চার যুবককে৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, দীপককুমার সিং, ভিক্টর দেব, রোহন হুসেন ও সুমন ভুঁইয়া৷ দীপক পাটনার বাসিন্দা, ভিক্টর ত্রিপুরার, রোহন এবং সুমন মালদহের৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই চারজন রোজ পাড়ার মহিলাদের উত্ত্যক্ত করত৷ তাই বাধ্য হয়েই মহিলারা এদিন ধরে তাদের মারধর করেন৷
ছবি প্রতীকী৷
সর্বশেষ খবর
-
হাল ছাড়তে নারাজ, এবার নিজেই ভোটের ময়দানে নামছেন পিকে
-
অন্যের প্রেম ভাঙিয়ে রোজগার! মিলছে পৌনে তিন লাখের চাকরি, আবেদন করবেন নাকি?
-
৩৩ বছর পার! একুশ জুলাইয়ের মিছিলে গুলিচালনায় ‘মণীশ গুপ্ত ফাইল’ প্রকাশের দাবি কংগ্রেসের
-
২০১৪-য় অভিশাপ দেন রোনাল্ডোকে, ঘানার সেই বিতর্কিত ‘ওঝা’ বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’
-
‘কলকাতা দেখব মামা’, আবদার করেই তারাতলার বহুতলের ছাদে, আর ফেরা হল না মামা-ভাগ্নের