Donald Trump

‘পার্ল হারবারে হামলা কেন?’ বিশ্বযুদ্ধের অতীত টেনে জাপানের প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প

যৌথ সাংবাদিক বৈঠক চলাকালীন জাপানের প্রধানমন্ত্রীকে যারপরনাই অস্বস্তিতে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অতীত টেনে আনলেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২২:৫৬

options
link
‘পার্ল হারবারে হামলা কেন?’ বিশ্বযুদ্ধের অতীত টেনে জাপানের প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প
হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

যৌথ সাংবাদিক বৈঠক চলাকালীন জাপানের প্রধানমন্ত্রীকে যারপরনাই অস্বস্তিতে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অতীত টেনে আনলেন ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ‘আপনারা তো পার্ল হারবারে অতর্কিতে হামলা চালিয়েছিলেন। তখন কি আমাদের আগাম আভাস দিয়েছিলেন?’ মার্কিন প্রেসিডেন্ট যখন এই মন্তব্য করছেন তখন পাশে বসা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চোখেমুখে স্পষ্ট অস্বস্তির ছাপ।

Advertisement

আসলে বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন ট্রাম্প। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁরা। সেখানেই জাপানের এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টের কাছে ইরান যুদ্ধ বিষয়ে প্রশ্ন তোলেন। জানতে চান, ইরানে হামলার আগে আমেরিকা কেন জাপান, ইউরোপ ও এশিয়ার বন্ধু দেশগুলিকে বিষয়টি জানায়নি। এই প্রশ্ন শুনে সোজা ১৯৪১ সালে পৌঁছে যান ট্রাম্প। কৌতুকের সুরেই তিনি বলেন, “আকস্মিক হামলার বিষয়টি জাপান ছাড়া আর কে ভালো বুঝবে? আপনারা তো পার্ল হারবারে হামলা চালিয়েছিলেন। সেই সময়ে হামলার কথা আমাদের আগাম কেন জানাননি?” এর সঙ্গেই বলেন, “আমার মনে হয়, চমক ও আতর্কিত হামলার মতো বিষয়ে আপনাদের বিশ্বাস আমাদের চেয়ে অনেক বেশি।” ট্রাম্প যখন এই মন্তব্য করছেন তখন তাকাইচির মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্রাম্প বলেন, “আকস্মিক হামলার বিষয়টি জাপান ছাড়া আর কে ভালো বুঝবে? আপনারা তো পার্ল হারবারে হামলা চালিয়েছিলেন। সেই সময়ে হামলার কথা আমাদের আগাম কেন জানাননি?”

এরপর অবশ্য ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেন, কেন বন্ধুদেরকে হামলার আগাম তথ্য দেওয়া হয়নি? ট্রাম্পের কথায়, “আপনি কখনও চাইবেন না আপনার পরিকল্পনার কোনও খবর গোপনে শত্রুপক্ষের কাছে পৌঁছে যাক। আমরা যখনই কোনও অভিযানে নামি, আঁটঘাট বেঁধেই নামি। আমরা কাউকে কিছু জানাইনি কারণ, আমরা চেয়েছিলাম শত্রুপক্ষকে চমকে দিতে।”

Advertisement

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়েছিল জাপান। ভয়ংকর বিমান হামলায় সেদিন মৃত্যু হয়েছিল ২৩৯০ জন মার্কিন সেনার। এরপরই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা। এবং আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেয় এই যুদ্ধে। এরই প্রতিশোধ স্বরূপ ১৯৪৫ সালের আগস্ট মাসে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু হামলা চালায় আমেরিকা। যা পৃথিবীর ইতিহাসে অন্যতম কালো দিন হিসেবে বিবেচিত। এই অভিযানেই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরে ১৯৫১ সালের সেপ্তেম্বরে আমেরিকা ও জাপানের মধ্যে শান্তিচুক্তি সই হয়। এরপর থেকে বন্ধু রাষ্ট্র হয় আমেরিকা ও জাপান।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.