সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস কবলিত রাষ্ট্রের তালিকায় চতুর্থ নম্বরে স্থান রয়েছে ভারতের৷ ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের পরেই৷ এদেশে মাওবাদীদের সক্রিয়তাই যার অন্যতম কারণ৷ মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে ন্যাশনাল কনসর্টিয়াম ‘ফর দ্য স্টাডি অফ টেররিজম অ্যান্ড রেসপন্সেস টু টেররিজম’-এর রিপোর্ট অন্তত সেটাই বলছে৷ তাদের মতে, বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা জঙ্গি সংগঠনের তালিকায় তালিবান, ইসলামিক স্টেট (আইএস) এবং বোকো হারামের পরই রয়েছে মাওবাদীদের নাম, ভারতে যাদের দাপট সুবিদিত৷
রিপোর্টে প্রকাশ, ২০১৫ সালে বিশ্ব সাক্ষী থেকেছে ১১,৭৭৪টি সন্ত্রাসবাদী হামলার৷ মৃত্যু হয়েছে ২৮,৩২৮ জনের৷ আহতের সংখ্যা ৩৫,৩২০৷ ভারতে ওই একই সময় ৭৯১ বার নাশকতা ঘটেছে৷ এই সব ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ২৮৯ জন ভারতীয়৷ এই হামলার ৪৩ শতাংশ অর্থাৎ ৩৪৩টিই মাওবাদী-পরিচালিত৷ যার শিকার হয়েছেন ১৭৬ জন৷ আক্রমণ হয়েছে ছত্তিশগড় (২১ শতাংশ), মণিপুর (১২ শতাংশ), জম্মু ও কাশ্মীর (১১ শতাংশ) এবং ঝাড়খণ্ড (১০ শতাংশ)৷ এর মধ্যে ছত্তিশগড়ে মাওবাদীদের আক্রমণ ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে৷ গতবছর অপহরণ এবং পণবন্দি করার ঘটনাও তিনগুণ বেড়েছে (৮৬২)৷ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও৷ রিপোর্ট অনুযায়ী, মাওবাদী-সহ ভারতে মোট ৪৫টি জঙ্গিগোষ্ঠী সক্রিয় রয়েছে৷ তবে সবচেয়ে বেশি বিভীষিকা ছড়াতে সমর্থ হয়েছে মাওবাদীরাই৷ তাদের হাতে অপহৃত ও পণবন্দি হয়েছেন ৭০৭ জন৷ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের নথি বলছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে মাওবাদীরা ২১৬২ জন সাধারণ মানুষ এবং ৮০২ জন নিরাপত্তারক্ষীকে খুন করেছে৷ রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৫ সালে মাওবাদীরা যেখানে ৩৪৩ টি সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, সেখানেই তালিবান চালিয়েছে ১০৯৩টি৷ এতে মৃত্যু হয়েছে ৪৫১২ জনের৷ ৯৩১ টি নাশকতার জন্য দায়ী ইসলামিক স্টেট, যাতে প্রাণ হারিয়েছেন ৬০৫০ জন৷ বোকো হারাম চালিয়েছে ৪৯১ টি হামলা, হত ৫৪৫০৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!