RSS

‘আরএসএস ভারতের কু ক্লাক্স ক্লান নয়’, ওয়াশিংটনে বসে সংঘের ‘দর্শন’ মনে করালেন দত্তাত্রেয় হোসাবলে

আমেরিকার মাটিতে বসে মার্কিনিদের এই ভুল ধারনা ভেঙে দিলেন আরএসএস-এর মহাসচিব দত্তাত্রেয় হোসাবলে। কট্টর মার্কিন সংগঠন 'কু ক্লাক্স ক্লান'-এর উদাহরণ টেনে জানালেন, আরএসএস এই সংগঠনের ভারতীয় সংস্করণ নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৩:২২

options
link
‘আরএসএস ভারতের কু ক্লাক্স ক্লান নয়’, ওয়াশিংটনে বসে সংঘের ‘দর্শন’ মনে করালেন দত্তাত্রেয় হোসাবলে
ওয়াশিংটনে বসে সংঘের 'দর্শন' মনে করালেন দত্তাত্রেয় হোসাবলে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কট্টর হিন্দুত্বের ধারক ও হিংসাত্মক সংগঠন! আমেরিকার মাটিতে বসে মার্কিনিদের এই ভুল ধারনা ভেঙে দিলেন আরএসএস-এর মহাসচিব দত্তাত্রেয় হোসাবলে। কট্টর মার্কিন সংগঠন ‘কু ক্লাক্স ক্লান’-এর উদাহরণ টেনে জানালেন, আরএসএস এই সংগঠনের ভারতীয় সংস্করণ নয়। আরএসএস সম্পর্কে তেমনই ভুল ধারনা রয়েছে, যেমন ভারত সম্পর্কে আমেরিকায় ভুল ধারনা রয়েছে। 

Advertisement

হাডশন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃহস্পতিবার আরএসএস-এর দর্শন তুলে ধরেন আরএসএস-এর মহাসচিব। তিনি বলেন, “কয়েক দশক ধরে সচেতনভাবে বা অচেতনভাবে এক ধারনা তৈরি করা হয়েছিল। যা ছিল আরএসএস একটি হিন্দু আধিপত্যবাদী সংগঠন, এরা খ্রিস্টান ও সংখ্যালঘু বিরোধী, উন্নয়ন বিরোধী, আধুনিকরণের বিরোধী। তাই আমাদের সংগঠনের ইতিবাচক দিকটি তুলে ধরা হয় না। পরিবর্তে যে ধারনা তুলে ধরা হয় সেটা হল আরএসএস আমেরিকার কু ক্লাক্স ক্লান-এর ভারতীয় সংস্করণ। কিন্তু বাস্তব তা নয়।”

Advertisement

দত্তাত্রেয় বলেন, “হিন্দু দর্শন ও সংস্কৃতি গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখে। এখানে কেউই সর্বশ্রেষ্ঠ নয়।”

এরপরই হিন্দু দর্শনের কথা তুলে ধরে দত্তাত্রেয় বলেন, “হিন্দু দর্শন ও সংস্কৃতি গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখে। এখানে কেউই সর্বশ্রেষ্ঠ নয়। আমরা সজীব ও নির্জীব সবকিছুর মধ্যে ঐক্য দেখি। এটাই হিন্দুদের মূল দর্শন। ইতিহাসে হিন্দুরা কখনও কোনও দেশ আক্রমণ করেনি। কাউকে গোলাম বানায়নি।” তাঁর কথায়, “সেবার মনোভাব জাগিয়ে তোলা ও সামাজিক সম্প্রীতি প্রচারের লক্ষ্যে আরএসএস প্রতিদিন প্রায় ৮৩ হাজার সভা করে। যার মূল উদ্দেশ্য জীবনের মূল্যবোধ জাগানো।” দত্তাত্রেয় বলেন, “আরএসএসে সব স্তরের সব বয়েসের মানুষ যুক্ত। আমরা মানুষের সেবা, ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, আত্মরক্ষা, উন্নয়ন ও পরিবেশ রক্ষার মতো ক্ষেত্রে সক্রিয়।”

Advertisement

উল্লেখ্য, এখানে ‘কু ক্লাক্স ক্লান’ নামে যে মার্কিন সংগঠনের উদাহরণ দত্তাত্রেয় তুলে ধরেন সেটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী উগ্রপন্থী গোষ্ঠী। ইতিহাসের অন্যতম পুরনো ও কুখ্যাত এই গোষ্ঠী মূলত আফ্রিকান আমেরিকান, ইহুদি, ক্যাথলিক এবং অভিবাসীদের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে এসেছে। ১৮৬৬ সালে গৃহযুদ্ধের পর প্রতিষ্ঠিত এই দল শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব বজায় রাখতে ও দাসপ্রথা বিলুপ্তির বিরোধিতায় গণপিটুনি, হত্যা ও ভীতির পরিবেশ তৈরি করত। এই সংগঠনের সদস্যদের পোশাক ছিল সাদা, সূঁচালো টুপি। এবং এদের প্রতীক ছিল জ্বলন্ত ক্রুশ। ১৮৭১ সালে আমেরিকা এই সংগঠনকে নিষিদ্ধ করে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.