‘দুষ্টু’ মেসেজে লাস্যময়ী মডেলকে জ্বালাতন! তারকা ক্রিকেটারদের কীর্তিতে চোখ কপালে শেহওয়াগের
‘এই জন্যই রান পাচ্ছে না’, তারকা ক্রিকেটারদের কীর্তি দেখে খোঁচা শেহওয়াগের।
ক্রিকেটারদের 'দুষ্টু' মেসেজে চ্যাট বোঝাই। তারকা ক্রিকেটাররা প্রায়ই ইনস্টাগ্রামে উঁকি মারেন। কী ডিএম করেন দেশের অন্যতম সেরা উইকেটকিপার? গোটা দেশের সামনে সেসব ফাঁস করে দিলেন ইনফ্লুয়েন্সর ও লাস্যময়ী মডেল সারা গুরপাল। আর সেটার সাক্ষী থাকলেন আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ। তারকা ক্রিকেটাররা কী কী মেসেজ পাঠান, তা দেখে শেহওয়াগেরও চক্ষু চড়কগাছ!
এখন নতুন শো সঞ্চালনা করছেন শেহওয়াগ। যার নাম 'রাইজ অ্যান্ড ফল সিজন ২'। এই অনুষ্ঠানের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে সঞ্চালক হিসাবে আত্মপ্রকাশ করছেন প্রাক্তন ওপেনার। স্বরা ভাস্কর, শেহজাদ পুনাওয়ালা, গৌতম গুলাটি, করণ প্যাটেল থেকে তেজপ্রতাপ যাদব, অনুষ্ঠানে তারকাবোঝাই। আর তাতে শুরুতেই 'কেচ্ছা'র মালমশলা। যা তুলে দিলেন পাঞ্জাবি মডেল সারা গুরপাল।
আরও পড়ুন:
মোবাইল দেখে তিনি বলেন, "আরে এই ক্রিকেটার তোমাকে মেসেজ করে। এই জন্যই ও রান পাচ্ছে না।" শুনে সকলে হেসে গড়িয়ে পড়েন। আর নেটিজেনরা খুঁজতে শুরু করেন, কোন তারকা ক্রিকেটারের ব্যাটে এই মুহূর্তে রানের খরা চলছে। এখানেই শেষ নয়। এরপর শেহওয়াগ মেসেজ দেখে বলেন, "এই ডানহাতি ব্যাটার তোমায় মেসেজ করে দেখছি। ও বাবা! এই বাঁহাতিও আছে। একজন উইকেটকিপারও আছে দেখছি।"
কারা এই ক্রিকেটার? শেহওয়াগ বা সারা কেউই নাম প্রকাশ্যে আনেননি। কিন্তু একটা বিষয় পরিষ্কার। শেহওয়াগ যেভাবে চমকে উঠলেন, তাতে একটা বিষয়ই পরিষ্কার। ‘নজফগড়ের নবাব’ তাঁদের ভালোমতোই চেনেন। অর্থাৎ এঁরা কেউই নিছক ঘরোয়া ক্রিকেটার নন। রীতিমতো নামকরা। এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেটদুনিয়া 'তদন্তে' নেমে পড়েছে। কেউ রাজস্থান রয়্যালসের তরুণ অলরাউন্ডারের কথা বলছেন, কেউ বা দিল্লির বাঁহাতি উইকেটকিপারের নাম তুলছেন।
আরও পড়ুন:
প্রশ্ন হল, কে এই সারা গুরপাল? আসল নাম রচনা দেবী। জন্ম হরিয়ানায়। পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। মডেলিংয়ের পাশাপাশি ডান্স নম্বরে জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া গানও করেন। ২০১৭ থেকে পাঞ্জাবি সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। সিধু মুসেওয়ালা, জেসসি গিল ও দিলপ্রীত ধিঁলোর অনেক মিউজিক ভিডিওয় প্রধান চরিত্র ছিলেন। ২০২০-তে হিন্দি 'বিগ বসে' নাম লেখালেও জিততে পারেননি। এবার শেহওয়াগের অনুষ্ঠানে।
ইনস্টাগ্রামে সারার ফলোয়ার সংখ্যা ৩৩ লক্ষ। নিয়মিত গানের অনুষ্ঠানের বা ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন। আবার স্বল্পবসনা ছবিও রয়েছে। এবার ক্রিকেটারদের নিয়ে 'কেচ্ছা' ফাঁস। ‘রাইজ অ্যান্ড ফল’-এর মূল ভাবনাই তৈরি হয়েছে সম্পূর্ণ বিপরীত দুই জগৎকে নিয়ে। এক দিকে বিলাসবহুল পেন্টহাউস। অন্যদিকে বেসমেন্ট। নতুন সিজনে ১৫ জন তারকা প্রতিযোগী অংশ নিয়েছেন।
তাঁদের ভাগ করা হয়েছে দুই দলে– ‘রুলারস’ অর্থাৎ শাসক ও ‘ওয়ার্কার্স’ অর্থাৎ কর্মী। কৌশল ও প্রতি মুহূর্তে বদলে যাওয়া সমীকরণে চমক থাকছে। প্রতিযোগীদের মধ্যে কাঁটে কি টক্কর এবং পুরস্কারের অর্থ নিয়ন্ত্রণের লড়াই প্রথম সেশনে দর্শকদের নজর কেড়েছিল। এবার শেহওয়াগের আগমনে অনুষ্ঠানে আরও স্বতঃস্ফূর্ততা, রসিকতা এবং ক্রিকেটের আবহ যোগ হবে বলেই মনে করা হচ্ছে।