সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১২ বছর বয়সেই ১০ হাজার ডলার পুরস্কার জিতে নিল সিওনা মিশ্র৷ আমেরিকার অরল্যান্ডোর বাসিন্দা হলেও সিওনা আদতে ভারতীয় বংশোদ্ভূত৷ রুটজার্স বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষিণ এশীয় স্পেলিং বি ২০১৬– প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ১০ হাজার ডলার পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোরী৷ সিওনার পুরস্কার মূল্যের অর্থ ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ ৬৭ হাজার ৪৫০ টাকা৷ অরল্যান্ডো সায়েন্স মিডল স্কুলের ছাত্রী সিওনা৷ ছোট হলেও গত চার বছর ধরে সে এই প্রতিযোগিতায় যোগ দিয়ে আসছে৷ তবে এবার একেবারে চাম্পিয়নের মুকুট উঠেছে সিওনার মাথায়৷ যদিও সহজে এই জয় আসেনি৷
স্কুলের ক্লাসে সিওনা বরাবরই ভাল ছাত্রী হিসাবে পরিচিত৷ বিজ্ঞান ছাড়া ইংরেজি তার অন্যতম পছন্দের বিষয়৷ বিভিন্ন বড় বড় শব্দের বানান ও মানের নির্ভুল উত্তর দিয়ে বরাবরই সে ক্লাসের সকলের নজর কাড়ে৷ এ জন্য স্কুলের সব শিক্ষক-শিক্ষিকার কাছেও সিওনা খুবই জনপ্রিয়৷ মেয়ের এই দক্ষতার কথা জানতে পেরে তার মা-বাবা সিওনাকে ওই বানান প্রতিযোগিতায় নিয়ে যান৷ প্রথম তিন বছর অল্পের জন্য প্রথম স্থান অধিকার করতে না পারলেও এবার আর সিওনা নিরাশ করেনি তার মা-বাবা ও শিক্ষক শিক্ষিকাদের৷ চলতি বছরের প্রতিযোগিতায় প্রথম স্থানটি অনায়াসেই ছিনিয়ে নিয়েছে সিওনা৷ সিওনা জানিয়েছে, এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে৷ প্রস্তুতি হিসাবে সে প্রতিদিন নিয়ম করে এক থেকে দু’ঘণ্টা বিভিন্ন শব্দের বানান ও অর্থ মুখস্থ করেছে৷ মায়ের সামনে বসে লিখেছে একের পর এক বানান৷ বাবা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মায়ের কাছেই চলেছে নিবিড় অনুশীলন৷ মা তাকে একের পর এক বানান জিজ্ঞাসা করে চলেছেন আর নির্ভুল উত্তর দিয়ে চলেছে সিওনা৷ শেষ পর্যন্ত হাজারেরও বেশি প্রতিযোগীকে পিছনে ফেলে শেষ হাসি হেসেছে সিওনা৷ যদিও ভবিষ্যতে লেখক হওয়ার কোনও স্বপ্ন নেই তার৷ সিওনা জানিয়েছে, বড় হয়ে সে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গবেষণা করতে চায়৷ ক্যানসারের মতো জটিল রোগের ওষুধ আবিষ্কারই তার স্বপ্ন৷ এ জন্য এখন থেকেই সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালাচ্ছে৷ সিওনার মা-বাবাও তাকে এই স্বপ্ন দেখার সাহস জুগিয়ে চলেছেন৷ পড়াশোনা ছাড়া ছবি আঁকতে ভালবাসে সিওনা৷
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭