দেবব্রত মণ্ডল, ক্যানিং: কুসংস্কারের নিদারুণ ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। অভিযোগ, জলে ডুবে মারা গিয়েছিল দুই শিশু। দেহ উদ্ধারের পর প্রাণ বাঁচানোর জন্য ডাকা হল গুণীন। ঘণ্টা তিনেক ধরে চলল ঝাড়ফুঁক। ঘটনা দেখার জন্য ভিড় করে থাকল এলাকার বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে ওই দুই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিজ্ঞানের যুগে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? সেই প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নিকারীঘাটা পঞ্চায়েতে সাতমুখী বাজার সংলগ্ন দুমকি পূর্বপাড়া গ্রামে। মৃত দুই শিশুর নাম তামবীর মোল্লা(৭) ও হাসানুর গাজি(৫)। জানা গিয়েছে, এদিন ওই দুই শিশু খেলা করছিল। সেই সময় বাড়ির অদূরে থাকা একটি পুকুরে তারা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে। যদিও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে খবর।
এদিকে তাদের প্রাণ ফিরিয়ে আনার জন্য ডাকা হয় ওঝা-গুণীন। তারা পুকুরপাড়ে পৌঁছে ঝাড়ফুঁকের কাজ শুরু করেন। দুই শিশুর দেহ মাথায় নিয়ে পুকুরের জলে নেমে চলে ঘোরা। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে এই কুসংস্কারপর্ব। দুই শিশু প্রাণ ফিরে পাবে, এই বিশ্বাসে সাধারণ মানুষজনও ভিড় করেছিলেন। সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে পুলিশকে সেখানে যেতে বাধা দেওয়া হয়। এরপর বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানানো হয় অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি কেন এমন কুসংস্কারের আশ্রয় নিলেন সাধারণ মানুষ? সেই প্রশ্নও উঠেছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’