সৌরভ মাজি, বর্ধমান: গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুরুলিয়ার অযোধ্যায় পাহাড়ে পিকনিক করতে যাওয়ার পথে পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। জখম হয়েছেন আরও কয়েকজন। সকলেরই বাড়ি নদিয়া জেলার তাহেরপুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অসীম পোদ্দার (৪০) ও প্রাণতোষ বিশ্বাস (৪৫)। গুরুতর জখম হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাধন ঘোষ। অসীমবাবুর বাড়ি তাহেরপুরের টাঁকশাল এলাকায়। আর প্রাণতোষবাবুর বাড়ি ওই থানারই বাদকুল্লায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তাহেরপুর থেকে ১৪ জনের একটি দল বড় গাড়ি নিয়ে পিকনিক করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সকলেই পেশায় ব্যবসায়ী। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে যাচ্ছিলেন তাঁরা। জখম সাধন ঘোষ জানান, রাতে গাড়িতে প্রায় সকলেই ঘুমিয়েছিলেন। আচমকা বিকট শব্দ হয়। ঘুম ভেঙে যায়। গাড়িটি তখন পালটি খাচ্ছে। জ্ঞান হারান তিনি। আর কিছু মনে করতে পারেননি তিনি। শনিবার সকালে জ্ঞান ফিরলে দেখেন হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে রাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে গলসি থানার পুরষা ও পারাজের মাঝামাঝি এলাকায়। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়।
গুরুতর জখম হন অসীম, প্রাণতোষ ও সাধনবাবু। অন্যরা অল্পবিস্তর আঘাত পান। খবর পেয়ে গলসি থানার টহলদারি ভ্যান ঘটনাস্থলে ছুটে যায়। জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোরের দিকে নিয়ে গেলে অসীমবাবু ও প্রাণতোষবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাধনবাবুকে ভরতি করা হয়েছে। খবর পেয়ে নদিয়া থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন প্রাণতোষবাবুর আত্মীয় সৌমেন ঘোষ, অসীমবাবুর আত্মীয় অলোক পোদ্দার। সকলেই আনন্দ করতে করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ভোরে এমন দুঃসংবাদ আসবে তাঁরা কল্পনাই করতে পারেননি। খবর পেয়েও তাঁরা বিশ্বাস করতে পারছিলেন না। তারপর হাসপাতালে ছুটে আসেন তাঁরা। এদিনই ময়নাতদন্তের পর আত্মীয়দের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। রাতের গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে যাওয়ার ফলে দুর্ঘটনা না কি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে