West Midnapore

উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র থেকে প্রেমিকের হাত ধরে উধাও ছাত্রী! তারপর…

আগেও প্রেমিকের সঙ্গে পালিয়েছিল সে। তারপর কোনমতে বুঝিয়ে তাকে বাড়ি ফেরানো হয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৩:৫৯

options
link
উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র থেকে প্রেমিকের হাত ধরে উধাও ছাত্রী! তারপর…
ছবি এআই দ্বারা নির্মিত।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বলে ছাত্রী বেরিয়েছিল মামার হাত ধরে। স্কুলের সামনেই ভাগ্নিকে ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন যুবক। নির্ধারিত সময় তাকে আনতে গিয়ে মামা দেখেন, ভাগ্নি নেই! একে একে সকলে পরীক্ষাকেন্দ্র থেকে বেরলেও সে বেরয়নি। কোথায় গেল ছাত্রী? তারপরই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। উচ্চ মাধ্যমিক দিতেই নাকি যায়নি সে। বরং পরীক্ষাকেন্দ্র থেকে প্রেমিকের হাত ধরে পাড়ি দিয়েছে অজানা গন্তব্যে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবংয়ে। যদিও এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা ওই ছাত্রী। তার বয়স ১৮ বছর পাঁচ মাস। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সে। সিট পড়েছিল চাঁদকুড়ি হাই স্কুলে। জানা যায়, বৃহস্পতিবার মামা ওই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রের বাইরে ছেড়ে দিয়ে আসেন। ছুটির সময় সকলে বেরলেও ওই ছাত্রী বেরয়নি। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন ছাত্রীর মামা। এদিকে ছাত্রী কেন পরীক্ষা দিতে গেল না তা নিয়ে চিন্তা করছিলেন শিক্ষকরাও। পড়ুয়ার মামা শিক্ষকদের সঙ্গে কথা বলতেই মাথায় হাত! তিনি জানতে পারেন, সে নাকি পরীক্ষা দিতেই যায়নি। এরপরই উঠে আসে প্রেমিকের সঙ্গে পালানোর বিষয়টা। স্থানীয়দের অনেকের দাবি, স্কুল পোশাকে একটি মেয়েকে এক যুবকের সঙ্গে যেতে দেখেছেন তাঁরা। এতেই মোটের উপর পরিবার নিশ্চিত যে সংসার পাততেই উধাও হয়েছে ছাত্রী।

Advertisement

পরীক্ষার্থীর পরিবার সূত্রে খবর, এই প্রথম নয়। এর আগেও প্রেমিকের সঙ্গে পালিয়েছিল সে। তারপর কোনমতে বুঝিয়ে তাকে বাড়ি ফেরানো হয়েছিল। ভর্তি করা হয়েছিল স্কুলে। কিন্তু লাভের লাভ হল না। প্রেমের টানে ফের ঘর ছাড়ল সে। যদিও এই মুহূর্তে ছাত্রী কোথায় রয়েছে, কোন পরিস্থিতিতে তা জানা যায়নি। তবে মেয়েকে ফিরে পেতে মরিয়া পরিবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.