সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু হল এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাহাচক এলাকায়৷ মৃত বছর পঁয়ত্রিশের পিন্টু ছেত্রী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: সিনেমার কায়দায় ব্যবসায়ীদের বেধড়ক মেরে ৩০ লক্ষ টাকা ছিনতাই দৃষ্কৃতীদের]
দিনকয়েক আগে খড়গপুরের সাহাচকে একটি গ্যারেজ থেকে লোহার সামগ্রী চুরি যায়৷ কে বা কারা চুরি করল, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ এদিকে, ইতিমধ্যেই পিন্টু ছেত্রী নামে স্থানীয় এক যুবককে ব্যাগে করে লোহার সামগ্রী নিয়ে যেতে দেখা যায়৷ তাঁকে ঘিরে ধরেন এলাকাবাসী৷ কারও কারও দাবি, গ্যারেজ থেকে চুরি যাওয়া সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছিল পিন্টু৷ যদিও সেই দাবি যে একেবারে ভিত্তিহীন, তা জানান ওই যুবক৷ কিন্তু পিন্টুর দাবি কারও কান পর্যন্ত পৌঁছায়নি৷ কথা কাটাকাটি হতে হতেই পিন্টুকে মারধর শুরু করেন স্থানীয়রা৷ রাস্তায় ফেলে বেধড়ক মারধরও করা হয় তাঁকে৷ ইতিমধ্যেই খবর পেয়ে খড়গপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ মারমুখী জনতার হাত থেকে পিন্টুকে উদ্ধার করে পুলিশ৷ প্রহৃত বছর পঁয়ত্রিশের পিন্টুকে তড়িঘড়ি খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণ চিকিৎসা চলে তাঁর৷ তবে শেষ পর্যন্ত পিন্টুকে বাঁচানো সম্ভব হয়নি৷ হাসপাতালেই মৃত্যু হয় প্রহৃতের৷
[ আরও পড়ুন: একই বেডে ৩ জোড়া মা-শিশু! ঠাসাঠাসিতে সদ্যোজাতের মৃত্যু সরকারি হাসপাতালে]
এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক যুবককে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ গুদামের মালিকেরও খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা৷ আদতে পিন্টু চুরি করেছিল নাকি বিনা কারণেই বেধড়ক মারধর করে মেরে ফেলা হল তাঁকে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ কিংবা এই ঘটনার নেপথ্যে কোনও পুরনো বিবাদে যোগসূত্র রয়েছে কিনা, সেটাও ভাবাচ্ছে আধিকারিকদের৷ পিন্টুর মৃত্যুর পর থেকে থমথমে গোটা সাহাচক৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!