নব্যেন্দু হাজরা, সিঙ্গুর: এক দশক পর সিঙ্গুরে খুলল টাটাদের প্রস্তাবিত ন্যানো কারখানার গেট৷ টাটাদের লাগানো তালা ভেঙে অসমাপ্ত কারখানা শেড চত্বরে শুরু হল জমি জরিপের কাজ৷ লক্ষ্য একটাই৷ দ্রুত কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়া৷
শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ টাটাদের লাগানো তালা ভেঙে ভিতরে ঢোকেন জমি জরিপের কাজে আসা সরকারি আধিকারিকরা৷ লাগানো হয়েছে সরকারি তালা৷ সকাল সকাল জমি জরিপের কাজে পৌঁছে যান ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা৷ পৌঁছে গিয়েছেন ল্যান্ড সার্ভেয়াররাও৷ জিপিএস সিস্টেম ব্যবহার করে চলছে জমি চিহ্নিতকরণের কাজ৷ পৌঁছেছেন জেলা আধিকারিকরাও৷
স্যাটেলাইট ম্যাপিং-এর মাধ্যমে জমি ম্যাপিং-এর জন্য সিঙ্গুরে পৌঁছেছে অত্যাধুনিক যন্ত্র ও সামগ্রী৷ শুক্রবারই কলকাতা পুরসভার ড্রোন নিয়ে যাওয়া হয়েছে সেখানে৷ একই সঙ্গে মাথা সমান জঙ্গল পরিষ্কারের কাজ চলছে৷ জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় দেড়শো একর জমি পরিষ্কারের কাজ হয়ে গিয়েছে৷ শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ হয়েছে৷ এদিনও সন্ধ্যা পর্যন্ত কাজ চলবে বলে জানা গিয়েছে৷
শুক্রবার যে ১৫০ একর জমি পরিষ্কার করা হয়েছিল সেখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চলছে জমি চিহ্নিতকরণের কাজ৷ এদিন জমি জরিপের কাজ শুরু হওয়ার পর আবেগাপ্লুত হয়ে জমিতে ঢুকে পড়ে কৃষকরা৷ শনিবার অবশ্য সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি৷ যদিও জমি ফেরতের খবরের রেশ এদিনও কটেনি সিঙ্গুরে৷
এদিন সিঙ্গুরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পৌঁছেই জমি জরিপের কাজ পরিদর্শন করেন৷ এছাড়াও সিঙ্গুরে প্রশাসনিক সভামঞ্চ যেখানে হবে সেই স্থল পরিদর্শন করেন৷ জমি জরিপে আসা আধিকারিক ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন তিনি৷ পরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সরকারের সর্বপ্রথম লক্ষ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দ্রুত কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া৷ সেই কাজ তৎপরতার সঙ্গে চলছে৷
সর্বশেষ খবর
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের