Asansol

মুর্শিদাবাদের পর আসানসোল! পড়ুয়া ভর্তি পুলকারে ধাক্কা মিনিবাসের, মৃত ১

দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। পুলকারে থাকা সাত ছাত্র-ছাত্রীর মধ্যে পাঁচজন আহত হয়েছে।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ২১:৪৮

options
link
মুর্শিদাবাদের পর আসানসোল! পড়ুয়া ভর্তি পুলকারে ধাক্কা মিনিবাসের, মৃত ১
ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে পৃুলকারটি। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে সকালেই আসানসোলে আরও এক পুলকার দুর্ঘটনা। পুলকারে ধাক্কা মিনিবাসের। তাতেই প্রাণ গেল এক পথচারীর। পড়ুয়ারা কমবেশি আহত হলেও, তারা সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের মুর্গাসোল এলাকায় প্যান্টালুনস শোরুমের সামনে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি গার্লস হাই স্কুলের ছাত্রীদের নিয়ে যাচ্ছিল একটি মারুতি ওমনি। সেই পুলকারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মিনিবাস। তার আগে মিনিবাসটি এক পথচারীকে ধাক্কা মারে। তাতে তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিনিবাসের ধাক্কা এতটাই তীব্র ছিল যে পুলকারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রায় ২৫ মিটার রাস্তা ঘষটে এগিয়ে যায়।

Advertisement

দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। পুলকারে থাকা সাত ছাত্র-ছাত্রীর মধ্যে পাঁচজন আহত হয়েছে। আহত স্কুলছাত্রীদের দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ছাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন। তবে তারা প্রত্যেকেই আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মিনিবাসটিকে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে ধাক্কা দিল দ্রুত গতিতে আসা নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। ধাক্কার তীব্রতায় দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়ে খুদেরা। ঘটনায় ৫ পড়ুয়ার মৃত্যু হয়েছে। উচ্চ পর্যায়ের  তদন্ত কমিটি গঠন করেছে রেল। মৃতদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। গ্রেপ্তার করা হয়েছে ওই গেটম্যানকে। তদন্ত চলছে। সেই রেশ কাটতে না কাটতেই আসানসোলে দুর্ঘটনা। মৃত্যু হল পথচারীর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.