Saline Expired

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, বছর ঘুরলেও ‘স্বভাব’ বদলাল না, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল

ঠিক কী অভিযোগ রোগীর পরিবারের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৩:৪১

options
link
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, বছর ঘুরলেও ‘স্বভাব’ বদলাল না, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, বছর ঘুরলেও 'স্বভাব' বদলাল না, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল

একবছর পর ফের স্যালাইন বিতর্কে নাম জড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Midnapore Medical College and Hospital)। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে এক রোগীকে। বিষয়টা পরিবারের নজরে পড়তেই কর্তৃপক্ষকে জানানো হয়। রোগীকে পাঠানো হয়েছে সিসিইউতে। জল গড়িয়েছে থানা পর্যন্ত।

Advertisement

জানা গিয়েছে, রোগীর নাম মানসী দে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগরপল্লির বাসিন্দা তিনি। বৃদ্ধার ছেলে জানান, গত ৫ জুলাই কিডনি ও হার্টের সমস্যা নিয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁর মাকে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তাঁর স্ট্রোক হয়েছে। বুধবার সকালে বৃদ্ধাকে স্যালাইন দেওয়া হয়। রোগীর ছেলে জানান, গতকাল বিকেল থেকে তাঁর মায়ের বুকে জ্বালা শুরু হয়। সেই সময় স্যালাইনের বোতলে চোখ যেতেই তিনি দেখেন, চলতি বছরের মার্চেই সেটির মেয়াদ ফুরিয়েছিল। সঙ্গে সঙ্গে বিষয়টা হাসপাতালের সুপার-সহ বিভিন্ন জায়গায় জানান।

Advertisement

এবিষয়ে হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন বলেন, “ঠিক কী ঘটেছে এখনই বলা সম্ভব নয়। রোগী আপাতত স্টেবল রয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে কী হয়েছে।” পাশাপাশি তিনি আরও বলেন, “হাসপাতালে ওষুধ স্টক করা থাকে। কোনওভাবে হয়তো একটা দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তা চিহ্নিত হয়েছে।” মেদিনীপুর হাসপাতালে এই ঘটনা কিন্তু প্রথম নয়। ২০২৫ সালে ৫ প্রসূতিকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল এই হাসপাতালের বিরুদ্ধেই। ২ সদ্যোজাতের মৃত্যুও হয়েছিল। যদিও পরবর্তীতে পরীক্ষা করে রাজ্যের তরফে জানানো হয়েছিল, স্যালাইনে কোনও সমস্যা ছিল না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.