Udayan Guha

এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের

দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে এই বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছিল অভিযোগ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২০:৪২

options
link
এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের
বেআইনি নির্মাণের অভিযোগ, উদয়নের বিল্ডিংয়ে মাপজোক BLLRO-র।

প্রতারণা, কাটমানি ও তোলাবাজির অভিযোগে ১৭ জুন কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এবার তাঁর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ! আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির অভিযোগ, উদয়ন গুহ নালা ভরাট করে ভুয়ো প্ল্যানের ভিত্তিতে বহুতল নির্মাণ করেছেন। দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে এই বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছিল অভিযোগ ওই ব্যক্তির। দিনহাটা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। বেআইনি নির্মাণের অভিযোগ পেতেই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সংশ্লিষ্ট বিল্ডিংটি মাপজোক করেন।

Advertisement

জানা গিয়েছে, ২০১৭ সালে দিনহাটার একটি নালা বেআইনিভাবে ভরাট করা হয়। তারপর সেখানে নির্মিত হয় একটি বিল্ডিং। শুধুমাত্র বহুতল নির্মাণই নয় বিল্ডিংটি বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানিয়েছে, বেআইনিভাবে নালা ভরাট করে বিল্ডিং তৈরির পর তা বিক্রিও করা হয়েছে। বিল্ডিং বিক্রির সেই মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন উদয়ন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন ওই বিল্ডিংয়ের সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন BLLRO আধিকারিকরা এবং সংশ্লিষ্ট সম্পত্তির বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ দেন। ব্যবসায়ীদের দাবি, তাঁরা পুরসভার নিয়ম মেনেই নির্ধারিত মূল্যে ভবন বা দোকানঘর কিনেছেন। তবে এদিন কেউই প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি প্রশাসনিক আধিকারিকদের। তাঁদের বক্তব্য, পরবর্তীতে BLLRO অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দেবেন।

Advertisement

শিশু মঙ্গল সমিতির নামে জোর করে টাকা আদায় ও তছরুপের অভিযোগে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ বর্তমানে জেলে। একুশের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় নাম জড়ায় উদয়নের। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। এবার সেই তালিকায় জুড়ল নালা ভরাট করে নির্মাণের অভিযোগ। রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর থেকে বেআইনি নির্মাণে চলছে বুলডোজার অ্যাকশন। উপযুক্ত নথি পত্র দেখাতে না পারলে কি এবার গুঁড়িয়ে যাবে উদয়নের নির্মাণও?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.