Amit Shah

নজরে পাহাড় সমস্যা, হাইভোল্টেজ ‘শাহী’ বৈঠকে মিলবে সমাধান?

দীর্ঘদিনের সমস্যা সমাধানের স্বপ্নে বিভোর গোটা পাহাড়বাসী।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১০:৩৪

options
link
নজরে পাহাড় সমস্যা, হাইভোল্টেজ ‘শাহী’ বৈঠকে মিলবে সমাধান?
অমিত শাহ। ফাইল ছবি

পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল পাহাড়ে বিজেপির তিন প্রার্থী। শনিবার সে সমস্যার সমাধান করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক। তাতে অংশ নেবেন পাহাড়ের বিধায়ক ও সাংসদরা। দীর্ঘদিনের সমস্যা সমাধানের স্বপ্নে বিভোর গোটা পাহাড়বাসী।

Advertisement

পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে বরাবর সরব পাহাড়। তাদের একটাই দাবি পাহাড়কে আলাদা রাজ্য করে দেওয়া হোক। বাম আমল থেকেই তারা এই দাবিতেই সরব। বামেরা ডিজিএইচসি ও পরে তৃণমূল সরকার জিটিএ গঠন করে তাদের শান্ত করে। কিন্তু বিজেপি স্থায়ী রাজনৈতিক সমাধান করার আশ্বাস দিয়েছে। এদিকে আবার ডবল ইঞ্জিন সরকার চলছে তাই তাদের আশা দ্বিগুণ হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে তাদের প্রথম দাবি পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা। এছাড়া জিটিএ বোর্ড গঠন, পাহাড়ের পুরসভা, পঞ্চায়েত নির্বাচন করানো। এছাড়া পাহাড়ে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা। পাহাড়ের যুবক-যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করা। এসব দাবি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখোমুখি হবেন পাহাড়ের বিধায়করা। বৈঠকে থাকবেন সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি। এছাড়া রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের থাকার সম্ভাবনা রয়েছে। অমিত শাহ সুকনায় যে হোটেলে রয়েছেন সেখানেই সকলকে ডাকা হয়েছে। তিনি বৈঠক ডাকতেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে গোটা পাহাড়বাসী।

Advertisement

দার্জিলিঙের বিধায়ক নোমান রাই বলেন, “আমরা বলব দ্রুত পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করার জন্য। শুধু তাই নয় পাহাড়ে নানান উন্নয়নের কাজ থমকে রয়েছে সেগুলো করার জন্য আবেদন জানাবো। এছাড়া জিটিএ, পুরসভা, পঞ্চায়েত নির্বাচন করানো। স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য।” অন্যদিকে অমিত শাহর বৈঠককে কেন্দ্র করে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে৷ সিপিএম ও তৃণমূল কংগ্রেসের সময় পাহাড় নিয়ে অনেক ভেদাভেদ হয়েছে। বিজেপির সময় সেটা হবে না৷ আমাদের পাহাড় নিয়ে যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি রয়েছে খুব তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন হবে৷ তার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন।” প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরেই পাহাড়ে ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া কলকাতায় গিয়েও তাঁর সঙ্গে দেখা করেছেন বিমল গুরুং ও রোশন গিরি। এদিকে, বৃহস্পতিবার দার্জিলিং শহরে নেপালি দিবস পালন অনুষ্ঠানেও বিমল গুরুং স্পষ্ট করে দেন তাদের একটাই দাবি তা হল স্থায়ী রাজনৈতিক সমাধান। তার জন্য তারা সরকারকে বলবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.