Ritabrata Banerjee

শোকজে জেরবার আসানসোল পুরনিগম, কালীঘাট ছেড়ে ঋতব্রতর দরবারে মেয়র বিধান !

দুই অনুগামীকে নিয়ে ঋতব্রতর সঙ্গে মেয়রের সেই সাক্ষাতের ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শিবির বদলের জল্পনা তীব্র হয়েছে।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২১:২৯

options
link
শোকজে জেরবার আসানসোল পুরনিগম, কালীঘাট ছেড়ে ঋতব্রতর দরবারে মেয়র বিধান !
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।

আসানসোল পুরনিগমে পুর পরিষেবা কার্যত শিকেয়, চারিদিকে চরম অচলাবস্থা। এরই মধ্যে বোর্ড মিটিং না হওয়া, সম্পত্তি কর মকুব-সহ একাধিক বিষয়ে একগুচ্ছ অনিয়মের অভিযোগে খোদ পুর দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কড়া শো-কজ নোটিস এল আসানসোলে। আর সেই চিঠি পেয়েই তড়িঘড়ি কলকাতায় ছুটলেন মেয়র বিধান উপাধ্যায়। তবে চাঞ্চল্যকর বিষয় হল, কলকাতায় পৌঁছে তিনি কালীঘাটের শরণাপন্ন না হয়ে সোজা হাজির হন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। দুই অনুগামীকে নিয়ে ঋতব্রতর সঙ্গে মেয়রের সেই সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শিবির বদলের জল্পনা তীব্র হয়েছে।

Advertisement

​ইতিমধ্যেই সঞ্জয় নোনিয়া, অশোক রুদ্রের মতো হেভিওয়েট-সহ মোট ৬ জন কাউন্সিলর ইস্তফা দেওয়ায় আসানসোল পুরবোর্ডে ভাঙন স্পষ্ট। এই আবহে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিয়ে মেয়রের মন্তব্য জল্পনার আগুনে ঘি ঢেলেছে। যদিও মেয়র ৬ পাতার চিঠিতে সরকারের সমস্ত অভিযোগ অস্বীকার করে উলটে পুর কমিশনারের অসহযোগিতাকেই দায়ী করেছেন। বিধান দাবি করেন, তিনি তৃণমূলেই আছেন। তবে আসন্ন ২১ জুলাই তিনি কোন শিবিরে থাকবেন, সেই প্রশ্নের জবাবে তাঁর বার্তা, “যেখানে দলের কর্মীরা ও প্রতীক থাকবে, সেখানেই যাব”, বর্তমানে ঘাসফুল শিবিরের অন্দরে এই নিয়ে চরম অস্বস্তি তৈরি করেছে।

Advertisement

বিধান উপাধ্যায় আরও বলেন, বোর্ড মিটিং হচ্ছে না বলে আসানসোল পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়াও একাধিক অভিযোগ তুলে পুরনিগমের কাছ থেকে জানতে চেয়েছে দপ্তর। সব জানিয়ে উত্তর দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.