স্টাফ রিপোর্টার, উত্তর ২৪ পরগনা: ফের বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা জাতীয় সড়কে৷ তবে এবার সাধারণ পথচারী নন, পাথরবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল পুলিশেরই৷ কর্তব্যরত অবস্থায় আমডাঙা থানার এএসআই অসীম মিশ্রকে পিষে দিল বেপরোয়া ট্রাক৷
শনিবার ভোরে উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা মোড়ে কর্তব্যরত ছিলেন অসীমবাবু৷ ওই রাস্তা দিয়েই মুখ্যমন্ত্রীর নদিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল৷ সেই কারণেই ৩৪ নম্বর জাতীয় সড়কে ভিআইপি সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছিল৷ সেই সিকিউরিটির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন আমডাঙা থানার এই এএসআই৷ ভোরবেলা অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে দায়িত্ব বণ্টন করতে গিয়েছিলেন তিনি৷ গাড়ি থেকে বিভিন্ন মোড়ে পুলিশ পোস্টিং করাচ্ছিলেন৷ সোনাডাঙা মোড়ের কাছেও তিনি জিপ থেকে নেমে অন্যান্য পুলিশ কর্মীদের ডিউটির স্থান ঠিক করাচ্ছিলেন৷
সেই সময় রাস্তার উপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সেটিকে সাইড করতে যান৷ তখনই কৃষ্ণনগর থেকে বারাসতগামী একটি ট্রাক আসছিল হাইস্পিডে৷ ট্রাকটি আসছে দেখে ওই এএসআই হাত দেখিয়ে সেটিকে গতি কমাতে বলেন৷ কিন্তু গতি না কমিয়ে উল্টে ওই চালক পিষে দেয় অসীমবাবুকে৷ রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে ঘটনাস্থলেই মারা যান তিনি৷
শনিবার ভোরের ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়৷ এলাকাবাসীর অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়ক ক্রমশই মৃত্যুফাঁদ হয়ে উঠছে৷ ট্রাকের ধাক্কায় একের পর এক দুর্ঘটনা ঘটছে৷ কিন্তু তাতেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী৷
উল্লেখ্য, মাস দুয়েক আগেই বেলঘরিয়ায় বেপরোয়া ট্রাকের তলায় পিষ্ট হতে হয় তিন শিশুকে৷ তার কিছুদিন আগে ওই একই জায়গায় এক পথচারীকে পিষে দেয় ট্রাক৷ আর এবার ট্রাকের চাকা পিষে দিল পুলিশকর্মীকেই৷ ফলে ফের একবার প্রশ্ন উঠল বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ নিয়ে৷
সর্বশেষ খবর
-
গাইঘাটায় নাবালিকার রহস্যমৃত্যু! স্থানীয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?