সুমন করাতি, হুগলি: বিজেপি শাসিত ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক! বাংলায় কথা বলায় মারধর ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অত্যাচারের পাশাপাশি সংখ্যালঘু যুবককে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ। কোনও মতে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরলেন শ্রমিক। একমাত্র রোজগারে ছেলে বাড়ি ফিরে আসায় সংসার চলবে কী করে তা নিয়ে চিন্তায় পরিবার।
নির্যাতনের শিকার পরিযায়ী শ্রমিকের নাম রাজা আলি। তিনি হুগলির গোঘাটের বাসিন্দা। প্রায় ৮ মাস আগে ওড়িশার কটকে পাথর শ্রমিক হিসাবে কাজে যান তিনি। রাজার দাবি, এর আগেও বাংলায় কথা বলায় তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সংসারের কথা চিন্তা করে তিনি বাংলায় ফিরে আসেননি। কার্যত লুকিয়েই কাজ করতেন। যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এড়াতে দরজা বাইরে থেকে তালা দিয়ে দিতেন বাড়ির মালিক। কিন্তু বুধবার ১০-১২ জন মিলে তালা ভেঙে ঘরে ঢুকে রাজাকে বেধড়ক মারাধর করে। অভিযোগ তাঁকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা হয়। ২২ জানুয়ারি হুগলি সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজা নির্যাতনের কথা তুলে ধরতে চান বলে জানিয়েছেন।
রাজা বলেন, “আগেও হুমকির মুখে পড়েছিলাম। কিন্তু বুধবার রাতে ১০-১২ জন বিজেপি কর্মী ঘরে ঢুকে আমাকে ব্যাপক মারধর করে। আমার কাছে ৫০ হাজার টাকা ছিল তাও নিয়ে নেয়। তারপর জোর করে আমাকে দিয়ে জয় শ্রীরাম বলানো হয়। তারপর সেই রাতেই সেখান থেকে বাসে করে বাড়ি ফিরে আসি। বাবা-মা আমাকে আর যেতে দেবে না বলছে। কী করে সংসার চলবে তা নিয়ে চিন্তায় আছি।” ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপিকে আক্রমণ করে আক্রান্ত পরিযায়ী শ্রমিকের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
সর্বশেষ খবর
-
মিড ডে মিলের লাখ লাখ হেডমাস্টারের পকেটে! ফেরতের নির্দেশ ‘অমান্য’, কড়া পদক্ষেপের পথে প্রশাসন
-
১২ হাজার রান, ভারতের মাটিতে দু’শোর বেশি ছক্কা, সেঞ্চুরি রোহিতের
-
বাণিজ্য থেকে প্রতিরক্ষা, ট্রাম্পের সঙ্গে ফোনে একাধিক বিষয়ে কথা মোদির, কমল শুল্ক উদ্বেগ?
-
শাহরুখ কি আদৌ দোষী? ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন নিয়ে তুকারামের নোটিসের জবাব তিন তারকার
-
দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও