বিক্রম রায়, কোচবিহার: মরা রায়ডাক নদীতে পাথর বোঝাই ডাম্পার-সহ ভেঙে পড়ল সেতু। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের বারোকোদালি এলাকায়। সেতুটির মাধ্যমে প্রতিবেশী রাজ্য অসমে সহজে যাতায়াত করা যেত বলে খবর। সেতুটি ভেঙে পড়ায় কার্যত অসমের সঙ্গে এই পথে যোগাযোগ এই মুহূর্তে কার্যত থমকে গেল। ওই সেতুটি দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। নতুন সেতু দ্রুত তৈরি করার দাবি তোলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার ভোররাতে ওই সেতুর উপর দিয়ে একটি ডাম্পার যাচ্ছিল। মালবহনকারী ওই গাড়ির ভার নিতে পারেনি সেতুটি। মাঝামাঝি সেতুটি ভেঙে পড়ে। ডাম্বারটি নদীর জলে ভাঙা সেতুর উপর বিপজ্জনকভাবে আটকে থাকে। বিকট আওয়াজ শুনে নদীর পাড়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ওই ঘটনা দেখে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ-প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ওই ডাম্পারের চালক, খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা জয়নাল হক বলেন, “দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল ছিল। প্রশাসনের পক্ষ থেকে যদি একটি বোর্ড লাগিয়ে ভারী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে সতর্ক করা হত, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না।” বাসিন্দারা জানিয়েছেন, অসম-বাংলা সীমান্তের ওই সেতুটি দিয়ে খুব সহজে দ্রুত প্রতিবেশী রাজ্যে যাওয়া যেত। সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় আমবাড়ি বাজারের সঙ্গে বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সেতু না থাকায় অনেকটা ঘুরপথে এবার যাতায়াত করতে হবে বলে স্থানীয়রা জানাচ্ছেন। ফলে সময় ও অর্থ দুইই অনেক বেশি লাগবে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি প্রশাসনের কাছে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’