Panihati

তারস্বরে চলছে টিভি, ঘরে প্রৌঢ়ের মৃতদেহ! হাড়হিম কাণ্ড পানিহাটিতে

মৃতের আত্মীয়ার অভিযোগ, লুটপাটের জন্য দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ৫৩ বছরের প্রণববাবুকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১১:২৬

options
link
তারস্বরে চলছে টিভি, ঘরে প্রৌঢ়ের মৃতদেহ! হাড়হিম কাণ্ড পানিহাটিতে
পানিহাটিতে ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

রাজ্যে নতুন সরকার গঠনের রাতে পানিহাটিতে হাড়হিম হত্যাকাণ্ড! বাড়ির ভিতর থেকে তারস্বরে টিভির শব্দ, অথচ ডাকলে সাড়া পাওয়া যায়নি কারও। সন্দেহ হওয়ায় বাড়ির জানলা দিয়ে উঁকি দিতেই ভয়াবহ দৃশ্য। সিলিং ফ্যান থেকে ঝুলছেন প্রৌঢ়! সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, একাকী প্রৌঢ়কে খুনের পর বাড়িতে লুটপাট চালিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলার বাসিন্দা প্রণব মজুমদার। বয়স ৫৩ বছর। বাড়িতে একাই থাকতেন অবিবাহিত প্রণববাবু। মাঝেমধ্যে তাঁর এক আত্মীয় এসে থাকতেন। শনিবার রাতের দিকে প্রতিবেশীরা দেখতে পান, খুব জোরে প্রণববাবুর বাড়ি থেকে টিভির আওয়াজ আসছে। তাঁরা গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রণব মজুমদারের ঘরের বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রতিবেশীরা পাশের জানলা দিয়ে ঘরে উঁকি দিয়ে দেখতে পান তাঁর ঝুলন্ত দেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রণববাবুর মামী দীপালি গুহর অভিযোগ, একা পেয়ে তাঁর বাড়িতে লুটের উদ্দেশে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। তাঁকে খুন করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে ব্যাপারটা আত্মহত্যা বলে মনে হয়। এবং বাড়ির যাবতীয় জিনিসপত্র নিয়ে পালিয়েছে খুনিরা। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা লুটপাটের পর খুন করতে পারে এবং প্রণববাবুর চিৎকার যাতে বাইরে না পৌঁছয়, লোক জানাজানি না হয়, তাই জোরে টিভি চালিয়ে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় পাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.