সোমনাথ পাল, বনগাঁ: আকাশে সন্ধ্যা তারা দেখা গেলেই উমাকে নিয়ে যাওয়া হয় নাওভাঙা নদীতে৷ শুরু হয় দেবীকে বিসর্জন দেওয়ার তোরজোড়৷ যুগ বদলে গেলেও আজও বদলায়নি বাপ-ঠাকুরদার ফেলে আসা ৩০০ বছরে রীতিনীতি৷
[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]
মতিলাল বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই গৌরহরি বন্দ্যোপাধ্যায়৷ ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট দাদু৷ অবিভক্ত বাংলার যশোহর জেলার অন্তর্গত বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তের বনগাঁ মহকুমার ছয়ঘড়িয়া গ্রাম৷ ওই এলাকারই জমিদার গৌরহরির হাত ধরেই বন্দ্যোপাধ্যায় বাড়িতে মা দুর্গার পুজো শুরু৷ জন্মাষ্টমী থেকে নিয়ম করে জমিদার বাড়ির ঠাকুর দালানে তৈরি হত মায়ের মৃন্ময়ী মূর্তি৷ এই বাড়িতে মায়ের একটু ভিন্নরূপ৷
[মাঝেরহাটের ক্ষত বুঝতে দিল না বেইলি ব্রিজ]
মায়ের ১০ হাতের মধ্যে দু’টি হাত সাধারণ আকৃতির হলেও বাকি আটটি হাত বিড়ালের থাবার মতো৷ সবই দৈবিক৷ স্বপ্নে পাওয়া৷ তিনশো বছর ধরে চলে আসা নিয়মের কোনও ব্যাখ্যা নেই বর্তমান বংশধরদের কাছে৷ মহালয়ার পর থেকে দশমী পর্যন্ত ঠাকুর দালানে মায়ের পুজো হয় একেবারে প্রাচীন-রীতি মেনেই৷ নবমী শেষে দশমীর ঘণ্টা পড়লেই শুরু হয় মাকে সিঁদুর দান, মিষ্টিমুখের পালা৷ কিন্তু, যতক্ষণ পর্যন্ত আকাশে সন্ধ্যাতারা দেখা না যায়, উমাকে বিসর্জন দেওয়া যাবে না৷ এ নিয়মও একেবারে গোড়া থেকে৷ বাড়ির পেছন দিকে একটু এগোলেই নাওভাঙা নদী৷ ইছামতীর উপনদী এই নাওভাঙা৷
[দশমীতে বিষাদের সুর, মাকে বরণ করে সিঁদুরখেলায় মাতল বাঙালি]
এক সময় এই নদীতে স্রোতে প্রায়ই নৌকা ভাঙতো মাঝিদের৷ তাই অচিরেই নদীর নাম হয়ে ওঠে নাওভাঙা৷ শুক্রবার বিজয়া দশমীতে আকাশে সন্ধ্যা তারা দেখেই নাওভাঙার উদ্দেশে রওনা হন উমা৷ তারপর মাকে নৌকায় তুলে সাত পাক ঘুরিয়ে দেওয়া হয় বিসর্জন৷ বাড়ির বর্তমান বংশধর বাবলু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখন সব আত্মীয়স্বজন আসতে পারেন না, কিন্তু এখনও কেউ কেউ নিয়ম করে অর্থ ও জিনিসপত্র পাঠিয়ে দেন মায়ের পুজোর জন্য৷’’
ছবি: অরিজিৎ সাহা
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!