অন্ধকার বন। বুঝতে না পারে গভীর পাতকুয়োয় পড়ে আটকে যায় শাবক। বারবার শুঁড় নামিয়ে শাবককে তোলার চেষ্টা করে মা। কখনও উৎকণ্ঠার ডাক। শেষে নিঃশব্দে অসহায় ভাবে কুয়োর পাশে দাঁড়িয়ে অপেক্ষা। চলে আটকে পড়া শাবকটিকে বাঁচানোর ‘লড়াই’। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই হার মানল মৃত্যুর কাছে। নয়াগ্রামে একটি পাতকুয়োয় পড়ে মৃত্যু হল একটি শাবকের।
আরও পড়ুন:
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রাম ব্লকের বড়খাঁকড়ি অঞ্চলের বাছুরখোঁয়াড় গ্রামের তপোবন জঙ্গলে প্রায় ২৫টি হাতির একটি দল বুধবার গভীর রাতে লোকালয়ে ঢোকে। রাত তখন প্রায় ৩টে। একটি ইটভাটার কাছে থাকা কাঁঠাল খাওয়ার জন্য আসে হাতির দলটি। সেই সময়ই ঘটে বিপত্তি! অন্ধকারে ইটভাটা চত্বরে থাকা একটি গভীর পাতকুয়োয় পড়ে যায় দুই থেকে তিন বছর বয়সী একটি হস্তি শাবক। কুয়োয় জল না থাকলেও সেটি অনেকটা গভীর। সেই কারণে শাবকটি উপরে উঠতে পারেনি। সারারাত তাঁকে উদ্ধারের চেষ্টা চালায় তার মা-সহ দল। কিন্তু সফল হয়নি হাতির দল।
ভোর হতেই ঘটনাটি বুঝতে পারেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, কখনও শুঁড় বাড়িয়ে, কখনও পা দিয়ে মাটি সরিয়ে শাবকটিকে উপরে তোলার চেষ্টা চালায় তারা। পরে মূল দলটি সরে গেলেও একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতি দীর্ঘক্ষণ কুয়োর ধারে দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁদাবিলা রেঞ্জের প্রতাপপুর বিটের বনকর্মীরা। মা হাতিটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। পরে জেসিবি এনে পাতকুয়োর একপাশ কেটে শাবকটিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। কিন্তু শাবকটিকে বাঁচানো সম্ভব হয়নি।
বনদপ্তরের প্রাথমিক অনুমান, শাবকটিকে উদ্ধারের চেষ্টায় হাতির পাল দীর্ঘক্ষণ কুয়োর চারপাশে ঘোরাফেরা করায় ও পায়ের অভিঘাতে ধার থেকে মাটি ভেঙে ভিতরে পড়তে থাকে। তাতেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা তৈরি হয় শাবকটির। তাতেই মৃত্যু। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।বন দপ্তরের এক আধিকারিক বলেন, “খবর পাওয়ার পরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। শাবকটিকে জীবিত অবস্থায় উদ্ধারের জন্য সবরকম চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কুয়োর ধার থেকে মাটি ভেঙে ভিতরে পড়ায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা তৈরি হয়েছিল। তাতেই মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!